মেট্রো যাত্রীদের জন্য বিগ ব্রেকিং! কবে খুলছে কবি সুভাষ স্টেশন? দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ

কলকাতা মেট্রোর ব্লু-লাইনের অতি গুরুত্বপূর্ণ স্টেশন কবি সুভাষকে ঘিরে অবশেষে মিলল স্বস্তির খবর। গত বছরের জুলাই মাস থেকে বন্ধ থাকা এই স্টেশনটি আগামী দুর্গাপুজোর মধ্যেই যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পিলারে ফাটল দেখা দেওয়ায় দীর্ঘকাল বন্ধ থাকার পর, বর্তমানে দ্রুত গতিতে চলছে সংস্কার ও পুনঃনির্মাণের কাজ।

গত বছরের ২৮ জুলাই কবি সুভাষ স্টেশনের চারটি পিলারে বড় ধরনের ফাটল ধরা পড়ে। নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ তড়িঘড়ি স্টেশনটি বন্ধ করে দেয় এবং ‘শহিদ ক্ষুদিরাম’ স্টেশনকে সাময়িকভাবে অন্তিম স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার হাজার হাজার নিত্যযাত্রী চরম দুর্ভোগে পড়েন, যার সরাসরি প্রভাব পড়ে মেট্রোর আয়ের ওপর। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে বর্তমানে স্টেশনটির আমূল সংস্কার চলছে। প্ল্যাটফর্মের কাঠামো থেকে শুরু করে উপরের ছাউনি—সবই নতুন করে তৈরি করা হচ্ছে।

বিষয়টির গুরুত্ব বুঝে স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পে হস্তক্ষেপ করেছেন। রাজ্যসভায় তিনি জানান, আপলাইনের প্ল্যাটফর্মে কাঠামোগত ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছিল। রেল বোর্ডের নির্দেশে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আধিকারিকদের আশা, পুজোর আগেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা ফের চালু করা সম্ভব হবে, যা শহরবাসীর জন্য এক বড় উপহার।