“১০০০ টাকা ফেরত নিন মুখ্যমন্ত্রী!” রাজ্য বাজেটের বেতন বৃদ্ধিতে কেন ক্ষোভে ফেটে পড়লেন আশাকর্মীরা?

রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য ১০০০ টাকা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এতদিন পর্যন্ত তাঁরা ৫২৫০ টাকা মাসিক বেতন পেতেন, যা এপ্রিল মাস থেকে বেড়ে দাঁড়াবে ৬ হাজার ২৫০ টাকায়। তবে এই সামান্য ‘বেতন বৃদ্ধি’কে জয় হিসেবে দেখছেন না রাজ্যের কয়েক লক্ষ আশাকর্মী। বরং সরকারের এই সিদ্ধান্তকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে মনে করছেন তাঁরা। এই নামমাত্র ভাতা বাড়ানোর প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা।
আশা কর্মীদের সাফ কথা, যে মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সেখানে মাত্র ১০০০ টাকা বেতন বাড়িয়ে সরকার তাঁদের সাথে উপহাস করছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, এই বাড়তি টাকা তাঁরা নেবেন না, বরং ওই ১০০০ টাকা তাঁরা ‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে’ দান করে দিতে চান। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বেতন বৃদ্ধি এবং একাধিক পেশাগত দাবিতে রাজ্যের রাজপথে বড়সড় আন্দোলন চালিয়েছেন আশাকর্মীরা। তাঁদের দাবি ছিল একটি সম্মানজনক নির্দিষ্ট বেতন পরিকাঠামো, কিন্তু বাজেটে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় নতুন করে অশান্তির মেঘ জমছে রাজ্যজুড়ে।