সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন প্রশান্ত কিশোর! বিহার নির্বাচন বাতিলের আর্জি খারিজ আদালতের

নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া প্রশান্ত কিশোরের দল ‘জন সুরজ’-কে কড়া ভাষায় ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে একটি আবেদন দাখিল করেছিল পিকে-র দল। তাদের দাবি ছিল, ক্ষমতাসীন এনডিএ সরকার টাকা দিয়ে ভোট কিনেছে, তাই এই নির্বাচন বাতিল করা হোক। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই আবেদন শুনতে পরিষ্কার অস্বীকার করে।
আদালতের কড়া পর্যবেক্ষণ: শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত জন সুরজের আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে এবং এখন আপনারা এই বিচারিক মঞ্চকে প্রচার পাওয়ার জন্য ব্যবহার করছেন?” এমনকি বিচারপতি জয়মাল্য বাগচীও বিস্ময় প্রকাশ করে জিজ্ঞাসা করেন, কীভাবে একটি রাজনৈতিক দল এমন ভিত্তিহীন অভিযোগ আনতে পারে। আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে সুপ্রিম কোর্টকে ব্যবহার করা যাবে না এবং মামলাটি বিহার হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়।
ভোট ‘কেনা’-র বিস্ফোরক অভিযোগ: জন সুরজের দাবি ছিল, নির্বাচনী আচরণবিধি চলাকালীন প্রতিটি পরিবারে একজন মহিলাকে ১০,০০০ টাকা করে বিতরণ করা হয়েছে, যা প্রায় ২৫-৩৫ লক্ষ মহিলা ভোটারকে প্রভাবিত করেছে। প্রশান্ত কিশোরের অভিযোগ, বিজেপি-জেডিইউ জোট প্রতিটি আসনে ১০০ থেকে ১২৫ কোটি টাকা খরচ করে ভোট কিনেছে। উল্লেখ্য, এই নির্বাচনে ২৩৮টি আসনে লড়াই করে একটিতেও জিততে পারেনি জন সুরজ। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর এমন লোভনীয় প্রতিশ্রুতি রাজ্যকে দেউলিয়া করে দিতে পারে, তবে আদালত এই বিষয়ে কোনো পরাজিত দলের চেয়ে জনহিতৈষী আবেদনকারীদের কথা শুনতে বেশি আগ্রহী।