এক বছরে ৩৭৭টি বিমানে যান্ত্রিক গোলযোগ! সংসদে চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র, বাড়ানো হচ্ছে নজরদারি

দেশের আকাশপথে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহন জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৭৭টি ভারতীয় বিমানে বিভিন্ন কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলি বিভিন্ন এয়ারলাইনস সংস্থার নিয়মিত বিমানের ক্ষেত্রে ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে এবং নজরদারি জোরদার করতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-এর কারিগরি পদের সংখ্যা ৬৩৭ থেকে বাড়িয়ে ১,০৬৩ করা হয়েছে। এছাড়া, ৭ জুলাই ২০২৫ থেকে কার্যকর হওয়া একটি নতুন নির্দেশিকা অনুযায়ী, বিমানের সমস্ত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এখন ‘eGCA’ পোর্টালের মাধ্যমে রিয়েল-টাইমে ট্র্যাক করা হবে। সরকার জানিয়েছে, ইতিমধ্যেই ৮৭৪টি স্পট চেক এবং ৫৫০টি রাতের নজরদারি চালানো হয়েছে যাতে এয়ারলাইনসগুলি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো গাফিলতি না করে।