‘রায়ানকে সুগার ড্যাডি বানাবেন না!’ ২০ বছরের লিপ আসতেই জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়াল নিয়ে চরম ক্ষোভ দর্শকদের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-র সাম্প্রতিক প্লট এবং গল্পের গতিপ্রকৃতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ঝড়। ধারাবাহিকে আচমকা ২০ বছরের লিপ (Leap) আসার কারণে বেজায় চটেছেন দর্শকরা। রায়ান ও পারুলের দীর্ঘ সংগ্রাম, লড়াই এবং ভালোবাসার পর যে সুখের সংসারের আশা অনুরাগীরা করেছিলেন, তা এভাবে নিমেষেই ছারখার হয়ে যাওয়ায় চরম হতাশ তাঁরা।

‘ভালোবাসা তো পূর্ণ হলো না!’: ক্ষুব্ধ দর্শকরা
দাদুর ইচ্ছেতে গ্রামের এক চঞ্চল ও মিষ্টি মেয়ে পারুলের সঙ্গে শহুরে ছেলে রায়ানের সম্পর্কের সূত্রপাত হয়েছিল। নানা পারিবারিক অশান্তি ও ভুল বোঝাবুঝি পেরিয়ে যখন তারা একে অপরকে আপন করে নিল এবং দুটি সন্তানকে নিয়ে একটি সুন্দর সংসার সাজানোর স্বপ্ন দেখছিল, ঠিক তখনই গল্পে নেমে এল বড় বিপর্যয়।

সংযুক্তার ষড়যন্ত্রে পারুল নিখোঁজ হয়ে যাওয়া এবং তাদের একটি সন্তান হারিয়ে যাওয়ার পর এবার গল্পে এসেছে ২০ বছরের এক বিরাট লাফ। আর এখানেই এন্ট্রি ঘটেছে ‘পার্বতী’ নামের একটি নতুন চরিত্রের, যাকে দেখতে হুবহু পারুলের মতো। আর এই নতুন ট্র্যাক ঘিরেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। দর্শকদের আফসোস, “যে মানুষগুলো এত কষ্ট করে একে অপরকে পেল, তারা তো শুধু প্রেম করতে চায়নি! একসঙ্গে থেকে সন্তানদের বড় করে একটা ছোট্ট পৃথিবী বানাতে চেয়েছিল। সেই সংসারটাই গড়ার আগে ভেঙে গেল!”

‘রায়য়ানকে সুগার ড্যাডি বানাবেন না!’: নির্মাতাদের প্রতি আর্জি
গল্পের এই নতুন মোড়ে পার্বতীর এন্ট্রি এবং তার সঙ্গে রায়ানের আগামী দিনের সমীকরণ নিয়ে দারুণ চিন্তিত ও ক্ষুব্ধ দর্শকরা। পার্বতীর একটি বয়ফ্রেন্ড রয়েছে (যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল, যাঁকে শেষবার ‘কম্পাস’ ধারাবাহিকে দেখা গিয়েছিল), অন্যদিকে রায়ানেরও একটি বিবাহযোগ্য মেয়ে রয়েছে। পার্বতী কি রায়ান ও পারুলের সেই হারিয়ে যাওয়া মেয়ে, নাকি পারুলের পুনর্জন্ম—তা নিয়ে অনুরাগীদের মনে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে নেটিজেনদের একাংশের স্পষ্ট দাবি, “দয়া করে রায়ানের সঙ্গে পার্বতীর কোনো রোমান্টিক অ্যাঙ্গেল দেখাবেন না! রায়ানকে দয়া করে সুগার ড্যাডি বানানোর দরকার নেই। বরং পার্বতীকে স্নেহের পাত্রী বা মেয়ের নজরে দেখলেই তা গল্পে মানানসই হবে।” অনেকেই আবার ট্রোল করে বলছেন, চিত্রনাট্য যেন অন্য কোনো মেগার অন্ধ অনুকরণ বা ‘টুকলি’ না করে।

পারুলের বদলে পার্বতী রূপী ঈশানিকে পর্দায় মেনে নিতে পারছেন না দর্শকরা। এখন দেখার বিষয়, রায়ান কি পার্বতীর মধ্যে তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে স্নেহের চোখে আগলে রাখবে, নাকি চিত্রনাট্য সম্পূর্ণ অন্য কোনো মোড় নেয়—সেদিকেই এখন নজর রয়েছে ধারাবাহিকটির নিয়মিত দর্শকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *