আইটি সেক্টরে বড় বিপর্যয়! ৫-৭% ধসল ইনফোসিস-উইপ্রো, এআই আতঙ্কে কাঁপছে দালাল স্ট্রিট

বাজেট পরবর্তী উত্তেজনায় জল ঢেলে বুধবার ভারতীয় শেয়ার বাজারে নেমে এল বড়সড় ধস। বিশেষ করে আইটি (IT) সেক্টরে কার্যত রক্তক্ষরণ শুরু হয়েছে। এদিন এনএসই (NSE)-র আইটি সূচক এক ধাক্কায় ৬ শতাংশের বেশি নিচে নেমে যায়, যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় পতন। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন এআই (AI) স্টার্টআপ ‘অ্যানথ্রপিক’-এর একটি নতুন টুল লঞ্চ হওয়ার পরই বিশ্বজুড়ে আইটি স্টকের ওপর চাপ তৈরি হয়েছে। অ্যানথ্রপিক-এর এই নতুন এআই টুলটি করপোরেট লিগ্যাল এবং ডেটা অ্যানালিসিস কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম, যা ভারতীয় আইটি সংস্থাগুলির ব্যবসায়িক মডেলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

এই আতঙ্কে ইনফোসিস (Infosys), উইপ্রো (Wipro), এইচসিএল টেক (HCLTech) এবং পারসিস্টেন্ট সিস্টেমসের মতো শেয়ারগুলি ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। এলটিআই মাইন্ডট্রি (LTI Mindtree)-র শেয়ারও ৭ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে আইটি সেক্টর থেকেই প্রায় ২ লক্ষ কোটি টাকার বাজারমূল্য ধুয়ে মুছে গিয়েছে। তবে বাজারের এই হাহাকারের মধ্যেও নিফটি-কে অক্সিজেন দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবং নিফটি ব্যাঙ্ক সূচক। রিলায়েন্সের শেয়ার ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে নিফটি-কে গ্রিন জোনে ধরে রাখার চেষ্টা করছে।

অন্যদিকে, ব্যাঙ্কিং সেক্টরে কিছুটা আশার আলো দেখা গিয়েছে। ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)-এর নতুন এমডি ও সিইও হিসেবে বিনয় মুরলীধর টোন্সে-র নিয়োগে আরবিআই (RBI) সবুজ সংকেত দেওয়ায় ওই ব্যাঙ্কের শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। মুদ্রাস্ফীতি এবং এফআইআই (FII)-দের বিনিয়োগের গতিপ্রকৃতি আগামী দিনে বাজার কোন দিকে যাবে তা নির্ধারণ করবে। আপাতত ২৫,৫০০ স্তরটি নিফটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে কাজ করছে।