বুমরাকে নিয়ে ‘ভয়ঙ্কর’ গোপন তথ্য ফাঁস ঈশানের! কেন নেটে সতীর্থকে রেহাই দেন না ভারতীয় পেসার?

দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি, আর ফিরেই যেন ব্যাটে আগুন ঝরছে! নিউজিল্যান্ড সিরিজে ৪ ম্যাচে ২১৫ রান করে নিজের জাত চিনিয়েছেন ঈশান কিষাণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘পকেট রকেট’-এর এই ফর্ম দেখে স্বস্তিতে টিম ইন্ডিয়া। তবে এরই মাঝে প্র্যাকটিস সেশনের এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই বাঁহাতি ব্যাটার। নেটে বিশ্বের বাঘা বাঘা বোলারদের সামলানো ঈশানের কাছে সবচেয়ে কঠিন বোলার কে? উত্তর দিতে গিয়ে তিনি টেনে আনলেন সতীর্থ যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের নাম।
ঈশানের মতে, স্পিনারদের মধ্যে চাহালকে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি মজা করে বলেন, “ইউজি ভাই আমার খেলার ধরন বুঝে ফেলেছে, তাই ওকে মারা খুব কঠিন।” তবে বুমরাকে নিয়ে তাঁর অভিজ্ঞতা আরও বিচিত্র। ঈশান জানান, নেটের পিচে ঘাস থাকলেও বুমরা সেখানে দয়া দেখান না। তিনি বলেন, “বুমরা ভাই যদি দেখেন কোনো ব্যাটার তাঁর বল ভালো খেলছে, তাহলেই শুরু হয় বাউন্সারের সিরিজ। একটার পর একটা বাউন্সার দিয়ে ব্যাটারকে নাজেহাল করে ছাড়েন তিনি।” বুমরার এই হার না মানা মানসিকতাই তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলে মনে করেন ঈশান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৫৩.৭৫ গড়ে রান করা ঈশান এখন বিশ্বকাপের প্রথম একাদশের প্রধান দাবিদার। প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল ক্লিঙ্গারের মতে, ঈশান যে ছন্দে আছেন তাতে তাঁর জায়গা পাকা। অন্যদিকে, সঞ্জু স্যামসনের সাম্প্রতিক অফ-ফর্ম এবং তিলক বর্মার চোট সারিয়ে ফেরা—সব মিলিয়ে দল নির্বাচনে গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঈশানকেই ওপেনিংয়ে দেখার সম্ভাবনা প্রবল।