SIR নিয়ে ‘ভয়ঙ্কর’ তথ্য ফাঁস! তৃণমূল নেতার মন্তব্যে ফাঁস হলো ১ বছরের গোপন ছক?

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যখন শাসকদল তৃণমূল কংগ্রেস চারদিকে সরব, ঠিক তখনই দলের রাজ্য সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের একটি মন্তব্য চরম অস্বস্তিতে ফেলে দিল ঘাসফুল শিবিরকে। যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে কেন মাত্র ৩ মাসে এই প্রক্রিয়া শেষ করা হচ্ছে, সেখানে মোয়াজ্জেম হোসেনের দাবি—তৃণমূলের বুথ স্তরের এজেন্ট বা বিএলএ-২ (BLA-2)-দের প্রশিক্ষণ অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়।
বিরোধীদের প্রশ্ন, যদি এই প্রক্রিয়া ‘আচমকা’ শুরু হয়ে থাকে, তবে তৃণমূলের কর্মীরা আগে থেকে প্রশিক্ষণ পেলেন কীভাবে? মালদহ জেলার বিএলএ-১ এবং এসআইআর সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন জানান, আইপ্যাক (I-PAC)-এর তত্ত্বাবধানে কর্মীদের কর্মশালা করে শেখানো হয়েছে কীভাবে বিএলও-দের সঙ্গে কাজ করতে হবে। যদিও তিনি এক বছর আগে থেকে ট্রেনিংয়ের কথা সরাসরি মানতে চাননি, তবে তাঁর কথায় স্পষ্ট যে প্রস্তুতি ছিল আগে থেকেই।
এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন বিজেপি ও নির্বাচন কমিশন অনৈতিকভাবে হঠাৎ এই প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে, অন্যদিকে তাঁর নেতারাই বলছেন তাঁরা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। বিজেপির মতে, এই ‘হঠাৎ’ হওয়ার অভিযোগ আসলে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা বা ‘আইওয়াশ’।
পিছিয়ে নেই কংগ্রেসও। কংগ্রেস নেতা মোত্তাকিন আলম দাবি করেছেন, আইপ্যাক জানা মানেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আগে থেকে জানতেন। তাঁর অভিযোগ, তৃণমূল ও বিজেপি আঁতাত করেই মানুষকে এসআইআর-এর নামে হয়রানি করছে। সব মিলিয়ে, মোয়াজ্জেম হোসেনের এই ‘স্বীকারোক্তি’ এখন তৃণমূলের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।