আর নিস্তার নেই! স্টেশনে পা রাখতেই অপরাধী চিনল রোবট ‘অর্জুন’, বিশাখাপত্তনমে তুলকালাম

বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে যাত্রী নিরাপত্তায় এক ঐতিহাসিক সাফল্য এনে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। স্টেশনে মোতায়েন করা রেল রোবোকপ “এএসসি অর্জুন” তার উন্নত ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের (FRS) মাধ্যমে রিয়েল-টাইমে এক কুখ্যাত অপরাধীকে শনাক্ত করে শ্রীঘরে পাঠিয়েছে। সোমবার রাতে এই রোবটটি চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মেলে বড় সাফল্য।
জানা গিয়েছে, স্টেশন চত্বরে টহল দেওয়ার সময় অর্জুন তার ডেটাবেসে থাকা অপরাধীদের ছবির সঙ্গে একজনের মুখ মিলিয়ে নেয়। মুহূর্তের মধ্যে আরপিএফ (RPF) সিসিটিভি কন্ট্রোল রুমে সতর্কবার্তা পাঠায় রোবটটি। সেই সতর্কবার্তা পেয়ে দ্রুত সক্রিয় হন ডিউটি অফিসাররা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ক্রাইম প্রিভেনশন ডিটেনশন স্কোয়াড (CPDS) অভিযান চালিয়ে ৩৯ বছর বয়সী দাগী অপরাধী হাদাপা শিবা এবং তার সহযোগী জি. ভাঙ্গারুকে হাতেনাতে গ্রেফতার করে। তাদের কাছে কোনও বৈধ টিকিট ছিল না।
পুলিশি রেকর্ডে দেখা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে রায়গড়া থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং হামলার একাধিক গুরুতর মামলা রয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার পরমেশ্বর ফুঙ্কওয়াল জানিয়েছেন, “এএসসি অর্জুন”-এর এই সাফল্য প্রমাণ করল যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রেল চত্বরে অপরাধীদের দমন করা সম্ভব। বিশাখাপত্তনমের এই মডেলে উৎসাহিত হয়ে আগামী দিনে অন্যান্য বড় স্টেশনেও এই রোবোকপ মোতায়েনের পরিকল্পনা করছে রেল।