জব্বলপুরে পুলিশের বড় কেলেঙ্কারি! ৩.৫ কোটির টিএ বিল জালিয়াতিতে নাম জড়াল এএসআই ও কনস্টেবলের

মধ্যপ্রদেশের জব্বলপুরে পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর (SAF) ষষ্ঠ ব্যাটালিয়নে এক চাঞ্চল্যকর আর্থিক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। ট্রাভেল অ্যালাউন্স বা ভ্রমণ ভাতা (TA) বিলের আড়ালে প্রায় ৩.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক এএসআই (ASI) এবং এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন এএসআই সত্যম শর্মা এবং কনস্টেবল অভিষেক ঝারিয়া। ইতিমধ্যেই দুজনকে সাসপেন্ড করা হয়েছে।
জালিয়াতির অদ্ভুত কৌশল: তদন্তে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই জালিয়াতি চলেছে। অভিযুক্তরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যাটালিয়নের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশ্বাস অর্জন করে তাঁদের মোবাইল থেকে ওটিপি (OTP) সংগ্রহ করতেন। এরপর সরকারি পোর্টালে একই সময়ের জন্য বারবার ভ্রমণ ভাতার জাল বিল আপলোড করা হতো। জালিয়াতি আড়াল করতে বিলে কোনো তারিখ বা ইনওয়ার্ড নম্বর রাখা হতো না এবং বিলের সাদাকালো কপি আপলোড করা হতো যাতে কেউ সন্দেহ না করে।
তদন্তে বিস্ফোরক তথ্য: স্টেট ফিন্যান্স ইন্টেলিজেন্স সেলের (SFIC) তদন্তে দেখা গেছে, এই টাকা শুধু ওই দুজন নয়, বরং আরও ১১ জন কর্মীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কারও অ্যাকাউন্টে ৬০ লক্ষ তো কারও অ্যাকাউন্টে ২০ থেকে ৩০ লক্ষ টাকা জমা পড়েছে। রানঝি থানায় সোমবার রাতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভিষেক ঝারিয়ার অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার বেশি লেনদেনের হদিস পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।