SPORTS: ভারত ম্যাচ বয়কট করলেই পাকিস্তান OUT? জেনেনিন T20 বিশ্বকাপের অঙ্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের নাটক তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট দলের ভারতে খেলতে আসা নিয়ে টালবাহানা দীর্ঘদিনের। অবশেষে ইসলামাবাদ থেকে সবুজ সংকেত মিললেও, ভারত-পাক দ্বৈরথ নিয়ে কাটছে না ধোঁয়াশা। জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। আর এই জেদই এখন বুমেরাং হতে পারে বাবর আজমদের জন্য।
মাঠ না নেমেই ২ পয়েন্ট পাবে ভারত?
আইসিসি-র নিয়ম অনুযায়ী, পাকিস্তান যদি নির্ধারিত দিনে মাঠে না নামে, তবে টিম ইন্ডিয়াকে ‘ওয়াকওভার’ দেওয়া হবে। এর ফলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল কোনও পরিশ্রম ছাড়াই গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পেয়ে যাবে। উল্টোদিকে, পাকিস্তানের ঝুলি থাকবে শূন্য। টুর্নামেন্টের শুরুতেই এই পয়েন্ট খোয়ানো পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে তুলবে।
নেট রানরেটের কাঁটায় বিদ্ধ হতে পারে পাকিস্তান
শুধু পয়েন্ট হারানোই নয়, ম্যাচ না খেললে নেট রানরেটের হিসেবেও বড়সড় ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই গ্রুপ থেকে মাত্র দুটি দল সুপার এইটে পৌঁছাবে। ভারত সহজেই পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে থাকলেও, পাকিস্তানের জন্য প্রতিটি ম্যাচ হয়ে দাঁড়াবে ‘ডু-অর-ডাই’। নামিবিয়া বা নেদারল্যান্ডসের মতো দলের কাছে একটি ভুল পা ফেললেই টুর্নামেন্ট থেকে লজ্জাজনক বিদায় নিতে হতে পারে হট-ফেভারিট পাকিস্তানকে।
পাক ক্রিকেট কি খাদের কিনারায়?
ক্রিকেট মহলের মতে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা মানে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারা। যদি তারা একটি ম্যাচও হেরে যায়, তবে অন্য দলগুলোর রানরেটের দয়ায় বেঁচে থাকতে হবে তাদের। আইসিসি-র কড়া শাস্তির মুখে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি পাকিস্তানের শুভবুদ্ধি উদয় হয়, নাকি মাঠের বাইরে হার মেনে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।