“প্রকৃত প্রাপকরাই যেন পান”-অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

এই মুহূর্তে রাজ্য রাজনীতি ও সাধারণ মানুষের অন্দরে সবচেয়ে আলোচিত বিষয় হল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। বিশেষ করে বাংলার মহিলাদের দৈনন্দিন আলোচনার কেন্দ্রে রয়েছে একটিই প্রশ্ন—কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? চলতি মাসে নির্ধারিত সময়ে টাকা না আসায় চিন্তার মেঘ জমেছে উপভোক্তাদের একাংশের মনে। তবে এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে আশ্বাসের সুর শোনা গিয়েছে।
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
গত ১১ আগস্ট, মঙ্গলবার বিকেলে বাঁকুড়ায় এক প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ফের একবার অন্নপূর্ণা ভাণ্ডার ও অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, রাজ্যের ৬টি ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেন কোনোভাবেই অপপ্রয়োগ না হয়ে সরাসরি প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছয়। এই প্রজেক্টগুলির মধ্যে সর্বাগ্রে রয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। এছাড়া আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সূর্যঘর যোজনা এবং জল জীবন মিশনের মতো প্রকল্পগুলির রূপায়ণ নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
প্রশাসন সূত্রে খবর, যাঁরা অন্নপূর্ণা যোজনার প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, অথচ আগস্ট মাসের কিস্তি এখনও হাতে পাননি, তাঁরাই আগামী ১৭ আগস্ট প্রথম এই টাকা পেতে চলেছেন। ওই দিন থেকে টাকা ঢোকা শুরু হওয়া প্রায় নিশ্চিত।
পাশাপাশি, যাঁরা গত ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, যাঁর সমস্ত নথি সঠিক রয়েছে এবং যাঁর আবেদনপত্র গৃহীত হয়েছে, তাঁরাও ১৭ আগস্ট বা তার আশেপাশের দিনগুলিতে টাকা পেয়ে যাবেন। তবে একসঙ্গে সকলের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, সারা আগস্ট মাস জুড়েই ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের কাছে টাকা পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
ভেরিফিকেশন নিয়ে সতর্কতা
সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে, সঠিক তথ্য যাচাই বা ভেরিফিকেশনের পরেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। ফলে যদি কেউ আবেদনে ভুল তথ্য দিয়ে থাকেন, তবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় তাঁদের নাম বাদ যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।