রেকর্ড ব্রেকার রুপো! ইতিহাসে প্রথমবার ৩ লক্ষের গণ্ডি পার, সোনার আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের

: ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম সমস্ত রেকর্ড ভেঙে এক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। সোমবার ১৯ জানুয়ারি, জাতীয় রাজধানীতে রুপোর দাম এক লাফে ১০,০০০ টাকা বেড়ে ইতিহাসে প্রথমবার প্রতি কেজি ৩ লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করেছে। পিছিয়ে নেই সোনাও; ১,৯০০ টাকা বেড়ে ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১.৪৮ লক্ষ টাকায় (সব কর-সহ)। বিশ্ববাজারে অর্থনৈতিক অস্থিরতা এবং নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের ঝোঁকই এই অগ্নিমূল্যের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন এই অস্বাভাবিক বৃদ্ধি? বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের বদলে সোনা ও রুপোকে নিরাপদ মনে করছেন। সোমবার দিল্লির বাজারে রুপো ৩,০২,৬০০ টাকা প্রতি কেজিতে লেনদেন হয়েছে, যা এর আগে কখনও দেখা যায়নি। শুক্রবারও রুপোর দাম ছিল ২,৯২,৬০০ টাকা।

বিয়ের মরসুমে নাভিশ্বাস: ভারতে সামনেই বিয়ের মরসুম। তার আগে সোনার দাম ১,৪৬,২০০ টাকা থেকে বেড়ে ১,৪৮,১০০ টাকায় পৌঁছানোয় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। খুচরো বিক্রেতাদের মতে, গয়নার মেকিং চার্জ এবং জিএসটি যোগ করলে এই দাম আরও কিছুটা বৃদ্ধি পাবে।