বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় আপডেট! প্রথম ম্যাচে নেই প্যাট কামিন্স, চোট সারিয়ে ফিরছেন দুই তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ও উদ্বেগ—দুই সুরই শোনা গেল। দলের বোলিং স্তম্ভ প্যাট কামিন্সকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অজি প্রধান নির্বাচক জর্জ বেইলি সোমবার নিশ্চিত করেছেন যে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা যাবে না প্যাট কামিন্সকে। অ্যাশেজ চলাকালীন পিঠের পুরনো চোট ফের মাথাচাড়া দেওয়ায় তাঁকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে স্বস্তির খবর হলো, চোট সারিয়ে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে প্রস্তুত জশ হেজেলউড এবং বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড।
কামিন্সকে নিয়ে পরিকল্পনা: অ্যাশেজ সিরিজের অধিকাংশ ম্যাচেই মাঠের বাইরে ছিলেন কামিন্স। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বেইলি জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কামিন্স না খেললেও, ১৩ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁর ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে। কামিন্সের অনুপস্থিতিতে বোলিং বিভাগের দায়িত্ব থাকবে হেজেলউড ও মিচেল স্টার্কের কাঁধে।
ডেভিড ও হেজেলউডের ফিটনেস: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিগ ব্যাশ লিগ (BBL) থেকে ছিটকে গিয়েছিলেন টিম ডেভিড। অন্যদিকে হেজেলউডও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন। তবে বেইলি জানিয়েছেন, দুজনেই এখন সম্পূর্ণ ফিট এবং কোলম্বোতে প্রথম ম্যাচের একাদশে তাঁদের দেখা যাবে। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল এবং নাথান এলিস বিবিএল শেষ করেই সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।
বিশ্বকাপের গ্রুপ ও সূচি: অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ‘বি’-তে। যেখানে তাদের লড়তে হবে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে। ১১ ফেব্রুয়ারি কোলম্বোতে আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বজয়ের অভিযান শুরু করবে অজিরা।