শীতের হাওয়ায় ঝরছে চুল? ১টি ঘরোয়া তেলেই হবে ম্যাজিক, জেনে নিন তৈরির সহজ পদ্ধতি

শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার প্রভাব সরাসরি পড়ে আমাদের মাথার ত্বকে (Scalp)। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং হু হু করে চুল ঝরতে শুরু করে। এছাড়া জল কম খাওয়া, রোদের অভাব এবং গরম জল দিয়ে চুল ধোয়ার মতো ছোটখাটো ভুলগুলোই চুলের বারোটা বাজিয়ে দেয়।

চুল পড়ার আসল কারণ কী? রূপ বিশেষজ্ঞ রিজওয়ানা পারভীন জানিয়েছেন, শীতকালে ডায়েটে অবহেলার কারণে আয়রন, প্রোটিন এবং বায়োটিনের ঘাটতি দেখা দেয়। এর ওপর গরম জল দিয়ে মাথা ধোয়ার ফলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ঘন ঘন শ্যাম্পু করা বা ভেজা চুল আঁচড়ানোও চুল পড়ার অন্যতম কারণ।

সমাধান: আমলকীর ম্যাজিক তেল রিজওয়ানা পারভীনের মতে, আমলকীর তেল চুলের জন্য মহৌষধ। এতে থাকা ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং অকালপক্কতা রোধ করে।

কীভাবে বাড়িতেই বানাবেন এই তেল?

উপকরণ: ৫-৬টি তাজা আমলকী, ২৫০ মিলি নারকেল বা তিলের তেল।

পদ্ধতি: আমলকী ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি প্যানে তেল গরম করে কম আঁচে আমলকীগুলো দিন। আমলকী কালো হয়ে তেল থেকে গন্ধ বেরোতে শুরু করলে আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে কাঁচের বোতলে ভরে রাখুন। এই তেল ২-৩ মাস ভালো থাকে।

ব্যবহারের নিয়ম: সপ্তাহে ২-৩ বার এই তেল দিয়ে মাথার ত্বকে হালকা হাতে ম্যাসাজ করুন। ১-২ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে এবং চুল হবে ঘন, কালো ও উজ্জ্বল।