আধার-প্যান থাকলেও ২০০২-এর তালিকায় নাম নেই, ভোটার লিস্টের টেনশনে নন্দীগ্রামে মৃত্যু!

রাজ্যে এসআইআর (SIR) আতঙ্ক কি তবে প্রাণঘাতী হয়ে উঠছে? ফের এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল নন্দীগ্রাম। মৃত ব্যক্তির নাম কাশীনাথ জানা, যিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা। পরিবারের দাবি, বর্তমান আধার, প্যান এবং ভোটার কার্ড থাকা সত্ত্বেও ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পাওয়ায় চরম মানসিক উদ্বেগে ভুগছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কাশীনাথ বাবুর আত্মীয়দের অভিযোগ, এসআইআর-এর শুনানি শুরু হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ভোটার কার্ড দেরিতে তৈরি হওয়ায় পুরনো নথির অভাবে তিনি সবসময়ই ভয়ে থাকতেন। প্রতিবেশীদের দাবি, “সবাই যখন বলছিল নাম না থাকলে ওপার বাংলায় চলে যেতে হবে, তখন থেকেই উনি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।” বিএলও-র কাছে ফর্ম জমা দেওয়ার কথা থাকলেও, পুরনো কাগজপত্রের অভাবে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। ব্লক তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, তালিকার নামে সাধারণ মানুষের মনে অহেতুক ভীতি ছড়িয়ে দেওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি।