শীতের আমেজ আর তোর্ষার পাড়! ডুয়ার্সের রণবাহাদুরবস্তি এখন পিকনিকের ‘হটস্পট

শীতের মিঠে রোদ আর নদীর কলতান—পিকনিকের জন্য এর চেয়ে ভালো কম্বিনেশন আর কী-ই বা হতে পারে! আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স অঞ্চলের রণবাহাদুরবস্তির তোর্ষা নদীর পাড় এখন পর্যটকদের কাছে অন্যতম পছন্দের পিকনিক স্পট হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানে কেবল পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্য অসম থেকেও ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

রণবাহাদুরবস্তি যৌথ বনসুরক্ষা কমিটির (JFMC) সক্রিয় উদ্যোগে এই পিকনিক স্পটটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে এখানে বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ শেড। বিনোদনের জন্য রয়েছে গাছের সঙ্গে ঝোলানো দোলনা এবং ব্যাডমিন্টন খেলার কোর্ট। এছাড়া শৌচালয় ও পানীয় জলের সুব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বনসুরক্ষা কমিটির সদস্য অমর গুরুং জানান, “এখানে পরিবার নিয়ে পিকনিক করতে আসা মানুষদের নিরাপত্তার জন্য পুলিশের টহল ও কমিটির নিজস্ব নজরদারি থাকে।”

এই জায়গার মূল আকর্ষণ হলো এর ভৌগোলিক অবস্থান। একদিকে বইছে শান্ত তোর্ষা নদী, আর নদীর ওপারেই দেখা যায় ভুটান পাহাড়ের রাজকীয় দৃশ্য। রণবাহাদুরবস্তিতে ঢোকার মুখেই রয়েছে মাইলের পর মাইল চা বাগান। পাহাড়, নদী, জঙ্গল আর চা বাগানের এই মেলবন্ধন পর্যটকদের বারবার এখানে টেনে আনে। পর্যটক দেবজ্যোতি ভৌমিকের কথায়, “এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ এবং স্থানীয়রা খুবই সহযোগিতামূলক।” শীতের ছুটিতে যারা একটু নিরিবিলি অথচ সব সুবিধা সম্পন্ন জায়গায় পিকনিক করতে চান, তাদের জন্য রণবাহাদুরবস্তির তোর্ষা পাড় এক আদর্শ গন্তব্য।