ঝকঝকে হবে রাজবাড়ি শহর! কৃষ্ণনগরকে জঞ্জালমুক্ত করতে শুরু হল ‘ক্লিন কে.এম ইনিশিয়েটিভ

নদিয়া জেলার প্রাণকেন্দ্র তথা ঐতিহাসিক শহর কৃষ্ণনগরকে এক আদর্শ পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কোমড় বেঁধে নামল প্রশাসন। শহরের অলিগলি থেকে রাজপথ— সর্বত্র জঞ্জালের সমস্যা দূর করতে শুরু হলো এক বিশেষ কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে ‘ক্লিন কে.এম ইনিশিয়েটিভ’ (Clean K.M Initiative)। শুক্রবার সকালে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই স্বচ্ছতা অভিযানের শুভ সূচনা হয়।
এই মেগা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক অনীশ দাশগুপ্ত এবং পুলিশ সুপার অমরনাথ কে। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত ১৬০ বছরের এই প্রাচীন শহরে প্রতিদিন কাজের প্রয়োজনে লক্ষাধিক মানুষের আনাগোনা থাকে। ফলে জঞ্জালের সমস্যা ছিল দীর্ঘদিনের। এবার সেই সমস্যা মেটাতে পৌরসভার তরফে জানানো হয়েছে, শহরের প্রতি ১০০ মিটার অন্তর বসানো হবে বিশেষ ডাস্টবিন। প্রতিদিন নিয়ম করে সেই জঞ্জাল সাফাই করবে পৌরসভার কর্মীরা।
নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই অভিযানে শামিল করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও। প্রশাসনের লক্ষ্য, কেবল ডাস্টবিন বসানোই নয়, কৃষ্ণনগরকে একটি দূষণমুক্ত ও স্বাস্থ্যকর শহর হিসেবে রাজ্যবাসীর কাছে তুলে ধরা। মহকুমা শাসক এবং পৌর প্রশাসনের এই যৌথ উদ্যোগে খুশি শহরবাসী। নতুন বছরের শুরুতেই কৃষ্ণনগর তার পুরনো গরিমা ফিরে পাবে বলেই আশাবাদী প্রশাসন।