“যারা মেরেছে তারা বিজেপির নয়, হিন্দু সেজে আসা দুষ্কৃতী!” এবার উল্টো সুরে মেজাজ হারালেন প্রাক্তন বিচারপতি

ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানে আমিষ খাবার বিশেষ করে চিকেন প্যাটিস বিক্রি করায় এক হকারকে মারধর এবং তাঁর জিনিসপত্র নষ্ট করার ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনায় আগেই পুলিশে অভিযোগ জানিয়েছিল সিপিএম। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে নিজের দলেরই একাংশের ‘উল্টো সুরে’ কড়া প্রতিক্রিয়া দিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়েছেন, “দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। কেন একজন খেটে খাওয়া মানুষকে মারতে হবে? তাঁকে তো অন্যভাবেও বলা যেতে পারত।” ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, যে বিক্রেতাকে মারা হয়েছে তিনি হিন্দু না মুসলিম, সেই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো তিনি একজন দরিদ্র মানুষ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের সংস্কৃতি কাম্য নয় বলে মনে করেন তিনি।

বিজেপি নেতাদের একটি অংশ যখন ব্রিগেডের পবিত্রতা নিয়ে সওয়াল করছেন, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি হামলাকারীদের ‘দুষ্কৃতী’ বলে দেগে দিয়েছেন। তাঁর দাবি, “যারা এই হামলা চালিয়েছে তারা কেউ বিজেপির নয়। তারা হিন্দু সেজে এসেছিল। এরা আসলে কারা, তা খুঁজে বের করা দরকার।” তাঁর মতে, দেশে বড় বড় শিল্পপতিরা শোষণ করছে, পারলে তাদের মারা হোক, কিন্তু একজন হকারের পুঁজি নষ্ট করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অভিজিতের এই মন্তব্যে গেরুয়া শিবিরের অন্দরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।