বিজয় হাজারেতে রোহিত-ঝড়, ১৫৫ রানের ইনিংস খেলে বোর্ডকে কী বার্তা দিলেন ভারত অধিনায়ক?

বিজয় হাজারে ট্রফির মঞ্চে প্রত্যাবর্তনেই শিরোনাম কাড়লেন রোহিত শর্মা। তবে কেবল ব্যাটের দাপটে নয়, মানবিকতায় ফের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় জিতে নিলেন ‘হিটম্যান’। রাজস্থানের সওয়াই মান সিং স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।
ম্যাচ চলাকালীন নিরাপত্তার বেষ্টনী টপকে এক খুদে ভক্ত মাঠে ঢুকে পড়ে রোহিতের পা ছুঁয়ে প্রণাম করার জন্য। ভারতীয় অধিনায়ক সেই ভক্তকে কেবল নিবৃত্তই করেননি, বরং পরম মমতায় তাকে কাছে টেনে নেন। রোহিতের এই সংবেদনশীল আচরণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ভক্তদের মতে, মাঠের ভেতরে তিনি যতটা বিধ্বংসী, মাঠের বাইরে ততটাই বিনয়ী।
আট বছর পর ঘরোয়া ক্রিকেটের এই ওয়ানডে টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন রোহিত। আর ফিরেই বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘হিটম্যান’ বলা হয়। সিকিমের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। মাত্র ২৮ বলে পূর্ণ করেন অর্ধশতরান এবং ৬২ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। ওপেনিং জুটিতে অঙ্গকৃষ রঘুবংশীর (৫৮) সঙ্গে মিলে ১১৮ বলে ১৪১ রানের পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত ৯৪ বলে ১৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লিস্ট এ ক্রিকেটে এটি রোহিতের ৩৭-তম শতরান।
বিসিসিআই সম্প্রতি সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই নির্দেশিকা মেনে ১১ জানুয়ারি নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতেই বিজয় হাজারেতে নামেন রোহিত। ২০১৮ সালের পর এই প্রথম তিনি এই টুর্নামেন্টে খেললেন। তাঁর এই দুর্দান্ত ফর্ম নির্বাচকদের স্পষ্ট বার্তা দিল যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি এখনও কতটা প্রাসঙ্গিক এবং ভয়ংকর।