‘নিজেদের ভাই-বোনদের পুড়িয়ে মারা হচ্ছে আর আমরা চুপ?’ ওপার বাংলার নৃশংসতায় বলিউড কাঁপালেন জাহ্নবী

বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে মারার নৃশংস ঘটনার প্রতিবাদে এবার গর্জে উঠল বলিউড। ময়মনসিংহে ২৭ বছরের এক যুবককে যেভাবে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাকে ‘বর্বরোচিত’ ও ‘পশুত্বের শামিল’ বলে ব্যাখ্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। ওপার বাংলার এই অমানবিক হত্যাকাণ্ড নিয়ে সম্ভবত প্রথম কোনো প্রথম সারির বলিউড তারকা হিসেবে সোচ্চার হলেন তিনি।

জাহ্নবী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তীব্র ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “বাংলাদেশে যা ঘটেছে তা স্রেফ বর্বরতা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ভয়াবহ অমানবিকতা। আপনারা যদি না জানেন কীভাবে ওই যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে, তবে দয়া করে সেই ভিডিও দেখুন এবং এখনই প্রশ্ন তুলুন।” অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

নিজের বক্তব্যে কোনো রাখঢাক না রেখেই জাহ্নবী আরও বলেন, “আমাদের নিজেদের ভাই-বোনদের যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন আমরা বিশ্বের অন্য প্রান্তের ঘটনার জন্য চোখের জল ফেলছি। এই ভণ্ডামি আমাদের ধ্বংস করে দেবে। যদি এই ঘটনা দেখার পরও আপনার মনে ক্রোধ তৈরি না হয়, তবে বুঝতে হবে মানবিকতা শেষ হয়ে গিয়েছে।” তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, উগ্রপন্থা যে কোনো ধরনের বা যে কোনো মতাদর্শেরই হোক না কেন, তার অবসান হওয়া জরুরি।

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর এই নির্ভীক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের একাংশ। যেখানে ওপার বাংলার এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, সেখানে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে জাহ্নবীর এই প্রতিবাদ বিশেষ তাৎপর্য বহন করছে। উগ্রবাদের বিরুদ্ধে তাঁর এই সরাসরি বার্তা এখন বিনোদন জগৎ ছাড়িয়ে সাধারণ মানুষের আলোচনায় জায়গা করে নিয়েছে।