‘বউ চাই?’ বিজ্ঞাপন দেখে ফোন করলেই ফাঁদ! ২০ রূপসীকে নিয়ে চলা জালিয়াত চক্র ফাঁস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশজুড়ে কয়েক কোটি টাকার প্রতারণা! গোয়ালিওরে হদিশ মিলল এমনই এক ভুয়ো ম্যাট্রিমনিয়াল কল সেন্টারের, যা অবাক করে দিয়েছে খোদ তদন্তকারীদেরও। অবিবাহিত পুরুষদের ‘পারফেক্ট ম্যাচ’ বা সুন্দরী পাত্রীর টোপ দিয়ে তাঁদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ২০ জন তরুণীকে। পুলিশের অভিযানে দুই মহিলা অপারেটর গ্রেফতার হলেও মূলচক্রী টাইলেশ্বর ওরফে দিনেশ প্যাটেল এখনও ফেরার।

গোয়ালিয়র ক্রাইম ব্রাঞ্চের এই অভিযানে জানা গিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। ইন্টারনেটে নামী মডেল ও সুন্দরী মহিলাদের ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল তৈরি করা হতো। এরপর সেই প্রোফাইল দেখে আকৃষ্ট হয়ে কোনো পুরুষ যোগাযোগ করলে শুরু হতো কল সেন্টারের ‘সুন্দরী’ কর্মীদের কাজ। মিষ্টি কথায় বিশ্বাস অর্জন করে রেজিস্ট্রেশন ফি বা ভেরিফিকেশন চার্জের নামে কিউআর (QR) কোড পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়া হতো। একবার মোটা টাকা হাতে এলেই সিম কার্ড ফেলে দিয়ে বেপাত্তা হয়ে যেত তারা।

তদন্তে জানা গিয়েছে, জালিয়াতি ঢাকতে কল সেন্টারের কর্মীদের স্মার্টফোন দেওয়া হতো না। তাঁদের হাতে ধরানো হতো সাধারণ ‘কিপ্যাড’ মোবাইল, যাতে কোনও ট্রেইল না থাকে। পুলিশের প্রাথমিক অনুমান, ইতিমধ্যেই ১,৫০০-র বেশি মানুষের থেকে প্রায় ১.৫ কোটি টাকা লুঠ করেছে এই চক্র। ধৃত রাখি গৌর এবং শীতল চৌহান এই গোটা কারবারটি পরিচালনা করতেন। বর্তমানে পলাতক মূলচক্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে সাইবার সেল ও পুলিশ।