খড়গপুর থেকে গুগল হেডকোয়ার্টার! সুন্দর পিচাইয়ের সঙ্গে আইআইটি ডিরেক্টরের সাক্ষাৎ, বড় চমক ৭৫ বর্ষপূর্তিতে।

রেল শহর খড়গপুরের হিজলি থেকে সিলিকন ভ্যালির মাউন্টেন ভিউ— আইআইটি খড়গপুরের এক প্রাক্তনী আজ বিশ্ব শাসন করছেন। তিনি আর কেউ নন, গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গুগলের সদর দফতরে সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করলেন আইআইটি খড়গপুরের বর্তমান ডিরেক্টর তথা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক সুমন চক্রবর্তী। প্রতিষ্ঠানের ৭৫ বর্ষপূর্তির মুখে এই সাক্ষাৎ আগামী দিনের প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল।

সাক্ষাৎকারে পেশাদার আলোচনার পাশাপাশি উঠে আসে আবেগঘন মুহূর্তও। সুন্দর পিচাই আইআইটি খড়গপুরে কাটানো তাঁর ছাত্রজীবনের সোনালি দিনগুলোর কথা স্মরণ করেন। এমনকি তাঁর স্ত্রী অঞ্জলি পিচাইয়ের (যিনি খড়গপুরেরই প্রাক্তনী) ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণও করেন তিনি। ডিরেক্টর সুমন চক্রবর্তীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন ডঃ অশোক দে সরকার, অর্জুন মালহোত্রা, রয় ডি সিলভা এবং শৈলেন্দ্র কুমারের মতো বিশিষ্ট প্রাক্তনীরা।

সবচেয়ে বড় চমক হলো, সুন্দর পিচাই আগামী বছর আইআইটি খড়গপুরের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে খড়গপুরে আসার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, আইআইটি খড়গপুরের বৈশ্বিক সম্প্রসারণের লক্ষ্যে আমেরিকায় একটি ‘গ্লোবাল আউটরিচ সেন্টার’ স্থাপনের বিষয়েও সুন্দর পিচাই পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “আইআইটির ৭৫ বছরের ঐতিহ্য এবং সুন্দরের বৈশ্বিক নেতৃত্ব আজ একই বিন্দুতে মিলিত হয়েছে।” এই মেগা বৈঠকের হাত ধরে খড়গপুর আইআইটি-র প্রযুক্তিগত মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে।