ব্রডওয়েতে শোকের ছায়া! নিউ জার্সির ফ্ল্যাটে উদ্ধার ‘দ্য লায়ন কিং’ খ্যাত অভিনেত্রীর ক্ষতবিক্ষত দেহ

জনপ্রিয় ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ ছোটবেলার ‘নালা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ইমানি দিয়া স্মিথ। মাত্র অল্প বয়সেই নিভে গেল সেই প্রতিভার জীবনপ্রদীপ। নিউ জার্সির এডিসন শহরের একটি আবাসনে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে তাঁর রক্তাক্ত দেহ। শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে নৃসংশভাবে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২১ ডিসেম্বর। মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, ওই দিন এডিসনের একটি আবাসন থেকে ৯১১-এ জরুরি ফোন পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর জখম অবস্থায় ইমানিকে উদ্ধার করে। দ্রুত রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসন-স্মলকে গ্রেপ্তার করেছে। প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমানি এবং জর্ডান একে অপরের পূর্বপরিচিত ছিলেন। এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং সুপরিকল্পিত কোনো আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ইমানির অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার ও ভক্তকূল। তাঁর মাসি কিরা হেল্পার আক্ষেপ করে বলেন, “ইমানি ছিল অসামান্য প্রতিভাবান এক অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। ডিজনির লায়ন কিং-এ ওর ইয়াং নালা চরিত্রটি সকলের মনে গেঁথে ছিল। ওর পুরো জীবন সামনে পড়ে ছিল, কিন্তু সব শেষ হয়ে গেল।” এই মর্মান্তিক ঘটনার পেছনে আসল কারণ কী, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জারি রয়েছে।