‘অপেক্ষার অবসান!’ ৩০ ডিসেম্বর থেকে শুরু প্রাথমিকের ইন্টারভিউ, ১৩ হাজার পদে নিয়োগের মেগা আপডেট

এসএসসি-র পর এবার প্রাথমিকে নিয়োগের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগের জন্য এই প্রক্রিয়া শুরু হচ্ছে। যেখানে আবেদনকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চাইছে। আসন্ন ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে পর্ষদ কেন্দ্রীয়ভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ নেবে। তবে একটি বিশেষ সূত্র জানাচ্ছে, বছরের শেষে শুরুতে শুধুমাত্র ইংরেজি মাধ্যম স্কুলের জন্য ইন্টারভিউ নেওয়া হতে পারে এবং পরবর্তীতে অন্যান্য স্কুলের জন্য পর্যায়ক্রমে ইন্টারভিউ চলবে।

উল্লেখ্য, ২০১৭ সালের পর প্রাথমিকে সেভাবে বড় নিয়োগ হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই টেট উত্তীর্ণ প্রার্থীরা সল্টলেকে পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছিলেন। গত মাসেই পর্ষদ সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করে অনলাইন পোর্টাল চালু করে। এসএসসি-র ২৬ হাজার নিয়োগে আদালতের সবুজ সংকেত আসায় এমনিতেই খুশির হাওয়া শিক্ষা মহলে, তার ওপর প্রাথমিকের এই তোড়জোড় কর্মপ্রার্থীদের মনে নতুন করে আশার আলো জোগাচ্ছে। পর্ষদের তরফে শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।