ধুরন্ধর’-এর সাফল্য নয়, অন্য কারণে ‘ডন ৩’ ছাড়লেন রণবীর সিং! ফাঁস হলো আসল সত্যি

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে যাওয়ার খবরে সরগরম বি-টাউন। প্রথমে শোনা গিয়েছিল, তাঁর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের পর রণবীর নিজেই সরে দাঁড়িয়েছেন। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ছবির সাফল্যের সঙ্গে রণবীরের প্রস্থান-যোগ নেই, বরং নেপথ্যে রয়েছে পরিচালক ফারহান আখতার ও প্রযোজক রীতেশ সিধওয়ানির সঙ্গে গভীর মতপার্থক্য।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, রণবীরের কেরিয়ারের টানা তিনটি ব্যর্থতার সময়েও ফারহান তাঁর ওপর ভরসা রেখেছিলেন। সঞ্জয় লীলা বানসালির ‘বৈজু বাওরা’ বিশ বাঁও জলে চলে যাওয়ার পর ফারহানই তাঁকে ‘ডন’-এর মতো স্বপ্নের চরিত্র অফার করেন। এই চরিত্রে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের জুতোয় পা গলানোর সুযোগ যে কোনও অভিনেতার কাছেই বড় পাওনা। কিন্তু শেষ মুহূর্তে নির্মাতাদের সঙ্গে কিছু সৃজনশীল বিষয়ে মতবিরোধ দেখা দেওয়ায় রণবীর এই প্রজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, কাস্টিং নিয়ে জল্পনা আরও বেড়েছে। মা হওয়ার কারণে কিয়ারা আডবানি আগেই এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় এখন কৃতি শ্যাননের নাম শোনা যাচ্ছে। যদিও রণবীর বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি, তবে ‘ডন ৩’ নিয়ে এই টানাপোড়েন ভক্তদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।