ছায়ানট-উদীচীতে তাণ্ডবের নেপথ্যে কি এনসিপি? ইউনুসের পরামর্শে গড়া দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবার চরম রূপ নিল। বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী এবং ছায়ানট-এর ওপর নৃশংস হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কাঠগড়ায় উঠে এল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পরামর্শে গঠিত দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ (এনসিপি)। অভিযোগ উঠেছে, এনসিপি নেতারাই হাদির মৃত্যুকে ঢাল করে এই নাশকতায় উসকানি দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ঢাকার রাস্তায় নেমেছে হাজারো মানুষ, শাহবাগ মোড়ে আকাশ-বাতাস কাঁপিয়ে স্লোগান উঠছে— ‘আমরা আর ইউনূস সরকার চাই না’।

শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্তি ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রতিবাদীরা ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর মতো প্রথম সারির সংবাদপত্রের অফিসেও হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছায়ানটকে ‘ভারতীয় সংস্কৃতির প্রচারক’ আখ্যা দিয়ে সেখানে আসবাবপত্র লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। সাংস্কৃতিক মহলের দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছাত্রনেতাদের নিয়ে গঠিত এই এনসিপি দলের পেছনে ইউনূসের সরাসরি সমর্থন রয়েছে। যদিও এনসিপি এই অভিযোগ অস্বীকার করেছে, তবে ক্ষুব্ধ জনতা ও শিল্পীরা বলছেন, এই সরকার মুক্তচিন্তা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। শাহবাগে গান গেয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীরা, যা ইউনূস সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।