ছেলেরা তো অবিকল বাবা! ঈশান রোশনের বিয়েতে ‘ইশক তেরা তড়পাওয়ে’ গানে হৃতিকের ডান্স ভাইরাল

তুতো ভাই ঈশান রোশনের বিয়ের আসর রীতিমতো মাতিয়ে দিলেন বলিউড ‘গ্রিক গড’ হৃতিক রোশন। দুই ছেলে রেহান ও হৃদান এবং প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে পারিবারিক এই অনুষ্ঠানে হৃতিকের নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল। হৃতিকের ভাইঝি সুরনিকা এবং বোন পশমিনা রোশনও তাঁদের সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দেন। ১৯৯৯ সালের সুপারহিট গান ‘ইশক তেরা তড়পাওয়ে’-তে হৃতিকের সেই সিগনেচার নাচের ছন্দে মুগ্ধ অনুরাগীরা।

এদিন হৃতিক এবং ছোট ছেলে হৃদান কালো পোশাকে ধরা দিলেও, বড় ছেলে রেহান সেজেছিলেন সাদা ট্র্যাডিশনাল লুকে। নেটিজেনদের মতে, হৃতিকের দুই ছেলেই বাবার নাচের গুণ পেয়েছে। হৃতিক-সাবার রসায়নও ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, ২০০০ সালে সুজান খানের সঙ্গে বিয়ের ১৪ বছর পর বিচ্ছেদ হয় হৃতিকের। বর্তমানে সুজান যেমন আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন, তেমনই হৃতিক ও সাবা আজাদের বিয়ের গুঞ্জনও বি টাউনে তুঙ্গে। হৃতিককে শেষবার দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার ছবি ‘ওয়ার ২’-তে।