অতীত হলো মাদার ডেয়ারি! আজ থেকে শুধুই ‘বাংলার ডেয়ারি’, নবান্নে ঐতিহাসিক ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের

পশ্চিমবঙ্গের দুগ্ধজাত পণ্যের বাজারে এক যুগের অবসান ঘটল। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মাদার ডেয়ারি (Mother Dairy)-কে পুরোপুরি ‘বাংলার ডেয়ারি’ (Bangla Dairy)-র সঙ্গে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই মাদার ডেয়ারি ক্যালকাটার স্বতন্ত্র অস্তিত্ব মুছে গিয়ে তা ‘বেঙ্গল ডেয়ারি’-র অংশ হয়ে গেল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ক্যাবিনেট বৈঠক শেষে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন বছর আগে থেকেই মাদার ডেয়ারিকে বাংলার ডেয়ারিতে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে কিছু আইনি জটিলতার কারণে এতদিন দুটি নামই বাজারে বর্তমান ছিল। এবার সেই জট কাটিয়ে পুরোপুরি সংযুক্তিকরণ সম্পন্ন হলো। ফলে বৃহস্পতিবার থেকে বাজারে দুধ, দই বা পনিরের প্যাকেটে আর মাদার ডেয়ারির লোগো দেখা যাবে না; সমস্ত পণ্যই মিলবে ‘বাংলার ডেয়ারি’ নামে। সরকারি এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো রাজ্যের নিজস্ব ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা এবং ডেইরি শিল্পের পরিকাঠামোকে একক ছাতার তলায় নিয়ে আসা।