“কাছে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় ইয়াসিন”! টাডা আদালতে বিস্ফোরক সাক্ষ্য শহিদ-পত্নীর

১৯৯০ সালের রাওয়ালপোরা জঙ্গি হামলা মামলায় কোণঠাসা বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। দীর্ঘ ৩৫ বছর পর জম্মুর বিশেষ টাডা আদালতে একাধিক প্রত্যক্ষদর্শী জেএলকেএফ (JKLF) প্রধান ইয়াসিন মালিককেই ‘মূল শুটার’ হিসেবে শনাক্ত করেছেন। ওই নৃশংস হামলায় শহিদ হয়েছিলেন স্কোয়াড্রন লিডার রবি খান্নাসহ চারজন ভারতীয় বায়ুসেনা কর্মী।

শহিদ রবি খান্নার স্ত্রী নির্মল খান্না আদালতের কাছে সেই ভয়াবহ স্মৃতি তুলে ধরে জানান, ইয়াসিন মালিক নিজে রাস্তা জিজ্ঞাসা করার অছিলায় কাছে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর স্বামীকে গুলি করেছিলেন। ১৯৯০ সালের ২৫ জানুয়ারি সকালে শ্রীনগরে যখন বায়ুসেনা কর্মীরা অফিসের বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখনই এই অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। সিবিআই ১৯৯০ সালে চার্জশিট দিলেও মামলাটি দীর্ঘকাল থমকে ছিল। ২০২০ সালে চার্জ গঠনের পর ফের বিচার প্রক্রিয়া গতি পায়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিহার জেল থেকে যুক্ত থাকা মালিকের সামনেই সাক্ষীরা তাঁকে স্পষ্টভাবে চিহ্নিত করেন। বর্তমানে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা মালিকের জন্য এই শনাক্তকরণ বিচার প্রক্রিয়ায় এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।