ভোটার তালিকায় নাম নেই? কখন শুরু হিয়ারিং, কীভাবে আসবে সমন? জেনে নিন জরুরি তথ্য।

প্রকাশিত হয়েছে ভোটার তালিকার খসড়া। আপনার নাম তালিকায় আছে কি না, বা বাদ পড়ল কি না— তা এখন সহজেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারছেন সাধারণ মানুষ। কিন্তু তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা। যাঁদের নাম খসড়া তালিকায় নেই, তাঁদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন।
হিয়ারিং ও সমন প্রক্রিয়া: কমিশন সূত্রে খবর, যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁদের আবেদন বিবেচনাধীন, তাঁদের খুব শীঘ্রই হিয়ারিং বা শুনানির জন্য ডাকা হবে। এক্ষেত্রে আপনাকে কমিশনের পক্ষ থেকে সরাসরি সমন পাঠানো হবে। সাধারণত রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস (SMS) বা বিএলও (BLO)-র মাধ্যমে এই সমন আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।
কোথায় হবে শুনানি? আপনার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক বা ইআরও (ERO)-র অফিসে অথবা স্থানীয় বিডিও (BDO) অফিসে শুনানির জন্য ডাকা হতে পারে। সমন পত্রে হিয়ারিংয়ের সঠিক স্থান, তারিখ এবং সময় স্পষ্ট করে উল্লেখ করা থাকবে।
কী কী নথি সঙ্গে রাখবেন? হিয়ারিংয়ের সময় নিজের পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে নিচের নথিগুলো সঙ্গে রাখা বাধ্যতামূলক:
আধার কার্ড অথবা প্যান কার্ড।
বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট)।
ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড বা ইলেকট্রিক বিল)।
রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
সতর্কবার্তা: নাম থাকলেও ডাক পড়তে পারে! তবে শুধু নাম বাদ পড়লে নয়, যাঁদের নাম বর্তমানে খসড়া তালিকায় রয়েছে, তাঁদেরও খুব একটা নিশ্চিন্তে থাকার জো নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, তালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁদের তথ্য নিয়ে কমিশনের কোনো সন্দেহ রয়েছে বা তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে, তাঁদেরও একে একে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হতে পারে। ফলে আপনার নাম তালিকায় থাকলেও মোবাইলে আসা মেসেজ বা বিএলও-র দেওয়া তথ্যের ওপর কড়া নজর রাখুন।