যুবভারতী বিতর্ক, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ মুখ্যমন্ত্রীর, দায়িত্ব নিলেন মমতা নিজেই

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-কাণ্ডের জেরে অবশেষে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
জানা যায়, যুবভারতীকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মুখ্যমন্ত্রীকে ‘সাদা পাতায়’ একটি চিঠি দিয়েছিলেন। অরূপ বিশ্বাস বিদ্যুৎ দফতরের মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
দায়িত্ব এখন মুখ্যমন্ত্রীর হাতে
অরূপ বিশ্বাসের ইস্তফা গৃহীত হওয়ার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন। এর ফলে, স্বাস্থ্য, স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দফতরের পাশাপাশি এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবেও কাজ করবেন। অতীতে তিনি কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ছিলেন। ক্রীড়াপ্রেমীদের আশা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবার মেসি কাণ্ডের অভিযোগকারীরা সঠিক বিচার পাবেন।
ভাইরাল সেই ‘সাদা পাতার পদত্যাগপত্র’
অরূপ বিশ্বাসের লেখা এই পদত্যাগপত্রটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা তৃণমূল নেতা কুণাল ঘোষ শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই তা হাজার হাজার ভিউ এবং শেয়ার লাভ করে। নেটিজেনদের মধ্যে পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দায় স্বীকার করে পদত্যাগ করার জন্য অরূপ বিশ্বাসকে স্বাগত জানালেও, অধিকাংশই সমালোচনায় সরব হয়েছেন। ‘সাদা পাতায়’ চিঠি লেখা নিয়ে এবং হাতের লেখা নিয়েও অনেকে তীর্যক মন্তব্য করেছেন। কেউ কেউ একে ‘ধোঁকা দেওয়ার কারসাজি’ বা ‘অভিষেক-আইপ্যাকের চাপে বাধ্য হওয়া’ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন। যদিও এ বিষয়ে অরূপ বিশ্বাস এখনও কোনো মন্তব্য করেননি।