কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি, CBI কোর্টে হাজিরা এড়ালেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার

আরজি কর হাসপাতাল দুর্নীতি মামলায় অভিযুক্ত আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হাজিরা এড়িয়েছেন। সম্প্রতি সিবিআই এই মামলায় আখতার আলি-সহ অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে।

সিবিআই আদালতের নির্দেশ অনুযায়ী, আখতার আলি এবং শশীকান্ত চন্দককে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। সোমবার শশীকান্ত চন্দক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও, গরহাজির থাকেন আখতার আলি।

আদালতে আখতার আলির আইনজীবী জানান, তাঁর মক্কেল কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলাটির দৃষ্টি আকর্ষণ করা হলে, দ্রুত শুনানির প্রয়োজনীয়তা তুলে ধরেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং ১৯ ডিসেম্বর, অর্থাৎ চলতি সপ্তাহেই হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

সিবিআই কোর্টে পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম জামিনের বিষয়ে ১৯ ডিসেম্বর হাইকোর্টে শুনানি হবে। এদিকে, আলিপুর আদালত নির্দেশ দিয়েছে, আখতার আলিকে আগামী ২৩ ডিসেম্বর আদালতে সশরীরে হাজিরা দিতে হবে।