একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসছে ‘প্ল্যাটফর্ম এইট’, রহস্য, প্রেম ও গ্রাম্য বাস্তবতার জমজমাট প্যাকেজ

ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় নতুন সংযোজন—’প্ল্যাটফর্ম এইট’ (Platform Eight)। একগুচ্ছ ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে দ্রুতই দর্শকের দরবারে আসছে এই নতুন প্ল্যাটফর্ম। হরনাথ চক্রবর্তীর ‘ইচ্ছেপূরণ’ থেকে শুরু করে সুশোভন দাসের ‘নিশীথ সেন’ এবং অরিজিৎ টোটন চক্রবর্তীর ‘স্বর্গরথ সরগরম’ সহ মোট সাতটি সিরিজ থাকছে উদ্বোধনী তালিকায়।
রহস্যের মোড়কে ‘নিশীথ সেন’
সুশোভন দাস পরিচালিত রহস্য সিরিজ ‘নিশীথ সেন’ মুক্তি পাবে আগামী ২ জানুয়ারি। গল্পের কেন্দ্রে রয়েছে বৃষ্টি, যে তার বাবার বদলির চাকরির কারণে ঘন ঘন স্কুল বদলাতে বাধ্য হয়। বাবার বন্ধু অনির্বাণের সাহায্য নিয়ে তাদের জীবন কাটলেও, নতুন জায়গায় এসে বৃষ্টি অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়। বারবার তার জীবনে উঠে আসে এক রহস্যময় নাম—’নিশীথ সেন’। ধীরে ধীরে মনে হয়, যেন কোনও অদৃশ্য সত্তা তাকে সর্বক্ষণ নজর রাখছে। প্রতিবেশী প্যারা-সাইকোলজিস্ট ইরা মিত্রের অনুসন্ধানে জানা যায়, নিশীথ সেন নামের কারও অস্তিত্বই নেই। আরও চমক অপেক্ষা করে যখন বৃষ্টির বাবা জানতে পারে, নিশীথ সেন মারা গিয়েছে তারই চোখের সামনে। অন্যদিকে, ইরা জানতে পারে বৃষ্টি ভুগছে এক জটিল সমস্যায়। ফাহিম মির্জা, অঙ্কিতা মাঝি, বিয়াস ধর, সৌরভ সাহা, সুমিত কুণ্ডু ও শাওলি চট্টোপাধ্যায়ের অভিনয়ে এই জোড়া রহস্যের গল্প দর্শককে নিঃসন্দেহে টানবে।
‘স্বর্গরথ সরগরম’: এক শববাহী গাড়ির কাহিনি
অরিজিৎ টোটোন চক্রবর্তী পরিচালিত সাত পর্বের এই সিরিজে আছে মজা, আবেগ আর কঠিন বাস্তবতার মিশেল। গল্পের কেন্দ্রে বলহরি, যে লকডাউনে কাজ হারানোর পর স্ত্রীর গয়না বিক্রি করে শহর থেকে একটি শববাহী গাড়ি কিনে আনে। এই গাড়িটিই তার কাছে ‘স্বর্গরথ’। গ্রামে সেই গাড়ি নিয়ে আসতেই শুরু হয় ধুন্ধুমার। গ্রামের মানুষ দু’ভাগে বিভক্ত—কেউ একে দুর্ভাগ্যের প্রতীক মনে করে, তো কেউ দেখে পরিবর্তনের দূত হিসেবে। লোকনাথ দে, দুর্বার শর্মা, প্রদীপ ধর ও তরঙ্গ সরকার-সহ অনেকেই এই ভিন্নধর্মী সিরিজে অভিনয় করেছেন।
প্রেম ও বিচ্ছেদের নতুন সমীকরণ ‘খানিকটা প্রেমের মতন’
রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় সাত পর্বের এই সিরিজটির গল্প উজান ও মোহনাকে ঘিরে, যারা দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়ে উপলব্ধি করে তারা একে অপরের জন্য সঠিক নয় এবং ব্রেক আপ করে। মজার মোড় আসে যখন মোহনার বান্ধবী শ্রেয়া ও উজানের দাদা প্রিয়ম একে অপরের প্রেমে পড়ে। নিজেদের সম্পর্ক শুরু হওয়ার পাশাপাশি তারা এই প্রাক্তন জুটির সম্পর্ক জোড়া লাগানোর মিশনে নামে। মেঘা চৌধুরী (মোহনা), আভেরী সিংহ রায় (শ্রেয়া) ও দুর্বার শর্মা (প্রিয়ম) প্রমুখ এই সিরিজে অভিনয় করেছেন।
জাদু পাথরের গল্প ‘ইচ্ছেপূরণ’
হরনাথ চক্রবর্তীর পরিচালনায়, ইমন চক্রবর্তীর গল্প এবং পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে আসছে ‘ইচ্ছেপূরণ’। জীবন বিমা এজেন্ট অপূর্ব স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল। হঠাৎই এক জাদু পাথর তার হাতে আসে, যার সাহায্যে রাতারাতি তার আর্থিক ও সামাজিক পরিস্থিতি পাল্টে যায়। অপর্ণার চরিত্রে ঈশানী সেনগুপ্ত ও অপূর্বর ভূমিকায় দেবরাজ ভট্টাচার্য ছাড়াও আছেন শঙ্কর দেবনাথ। সাত পর্বের এই সিরিজে সাধ ও সাধপূরণের গল্প বলা হয়েছে।
নারী পাচার চক্রের রহস্য উন্মোচন ‘মরালি’
শৌভিক মণ্ডলের পরিচালনায় রহস্য সিরিজ ‘মরালি’-তে সিআইডি অফিসারের ভূমিকায় থাকছেন তনুশ্রী চক্রবর্তী। বীরভূমের দরিদ্র ঠিকাকর্মী তাপস বাউরির মেয়ে মরালি রহস্যজনকভাবে নিরুদ্দেশ হলে, সিআইডি অফিসার পরমা এই ঘটনার তদন্তে নামে। ধীরে ধীরে উন্মোচিত হয় নারী পাচার চক্রের অন্ধকার দিক। এই সিরিজে একজন রূপান্তরকামী নৃত্যশিল্পীর চরিত্রে সপ্তর্ষি মৌলিকের অভিনয় দর্শকের মনোযোগ কাড়বে বলে জানিয়েছেন পরিচালক। এছাড়া আছে ‘পাতাল ঝড়’ এবং ‘অমর’, যেগুলির গল্প শীঘ্রই প্রকাশ করা হবে।