২৬ হাজার চাকরি বাতিলের মাঝে ‘যোগ্যদের’ রক্ষাকবচ? মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে বড় আর্জি রাজ্যের!

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব। এই পরিস্থিতিতে, ‘আনটেন্টেড’ বা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য এবার শীর্ষ আদালতে আর্জি জানাল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি রাজ্যকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। রাজ্যের তরফে সম্প্রতি আবেদনে জানানো হয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় প্রয়োজন। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মতে, এই নিয়োগ শেষ করতে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময় লাগতে পারে।

রাজ্য শিক্ষা দফতর সুপ্রিম কোর্টে জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মরত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তত ২০২৬ সালের সেপ্টেম্বর মাস (৯ মাস) পর্যন্ত চাকরি করতে দেওয়া হোক। অন্যথায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, স্কুলগুলিতে মাধ্যমিক (২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা আসন্ন। পাশাপাশি, পঞ্চম থেকে নবম শ্রেণির পরীক্ষা ও খাতা দেখার জন্য বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর প্রয়োজন।

মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী অংশ নেবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ লক্ষ পরিদর্শক, ৫৫ হাজার পরীক্ষক, ৭ হাজার স্ক্রুটিনি শিক্ষক এবং প্রায় ১ হাজার ৪০০ প্রধান শিক্ষকের প্রয়োজন। এই পরিস্থিতিতে কর্মরত যোগ্যদের কাজ বন্ধ করলে পরীক্ষা পরিচালনা এবং রাজ্যের শিক্ষাব্যবস্থায় চরম সংকট সৃষ্টি হবে। তাই, রাজ্যের আবেদন, ৩১ মে-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কর্মরত যোগ্যদের যেন অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখা হয়।