‘ফুটবলের রাজপুত্র’ এলেন কলকাতায়! মেসিকে দেখতে হানিমুন বাতিল দম্পতির, হুইলচেয়ারেও মাঠে কিশোর ভক্ত

‘ফুটবলের রাজপুত্র’ লিওনেল মেসি অবশেষে পা রাখলেন কলকাতার মাটিতে। শুক্রবার গভীর রাত আড়াইটা নাগাদ তাঁর প্রাইভেট জেট কলকাতার মাটি স্পর্শ করে। সাদা টি-শার্ট, নীল ব্লেজার ও প্যান্ট পরিহিত মেসিকে বিমানের দরজা দিয়ে বাইরে আসতে দেখেই বিমানবন্দর জুড়ে ‘মেসি মেসি’ চিৎকারে কান পাতা দায় হয়ে ওঠে। সুপারস্টারকে এক ঝলক দেখার জন্য জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা হাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন অসংখ্য ভক্ত।
রাতে ই এম বাইপাসের ধারে কলকাতার হায়াত হোটেলে থাকার পর সকালে মেসি ভার্চুয়ালি ৭০ ফুটের একটি মূর্তির উন্মোচন করেন।
যুবভারতীতে উন্মাদনা তুঙ্গে
আজ, শনিবার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ‘মোহনবাগান অল স্টার’ বনাম ‘ডায়মন্ড হারবার অল স্টার’ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর অনুযায়ী, মেসি ম্যাচের দ্বিতীয় ভাগ দেখতে পারেন এবং দু’দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে ফটোসেশনও করতে পারেন।
এছাড়াও, মেসি দুই তারকা ফুটবলার লুই সুয়ারেজ এবং রড্রিগো ডি’পল-কে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গোটা মাঠ পরিক্রমা করবেন। যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে এখন আর্জেন্টিনার জার্সির দাপট। স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনা এবং মোহনবাগানের জার্সির রঙের অভিনব মিশ্রণে তৈরি বিশেষ জার্সিতে সেজে উঠেছেন বহু অনুরাগী।
ভালোবাসার অন্য নাম মেসি
মেসির কলকাতা সফর ঘিরে ভক্তদের উন্মাদনা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যুবভারতীর সামনে এমন এক অনুরাগী দম্পতিকে দেখা গেল, যাঁরা শুধু মেসিকে দেখবেন বলে তাঁদের মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করেছেন।
অন্যদিকে, হুইলচেয়ারে চলাফেরা করা এক কিশোর ভক্তও সব বাধা অতিক্রম করে যুবভারতীতে হাজির হয়েছে তাঁর টিভির পর্দার নায়ককে চোখের সামনে দেখার জন্য। এই উন্মাদনা প্রমাণ করে, ভারতীয় ফুটবলের মানচিত্রে লিওনেল মেসির আবেদন ঠিক কতটা গভীর।