জীবিত মাকে মৃত সাজিয়ে ব্যাঙ্কের টাকা লোপাট! গুণধর ছেলের কাণ্ডে হতবাক হাওড়ার বৃদ্ধা, গ্রেফতার অভিযুক্ত

হাওড়ার লিলুয়ায় এক মর্মান্তিক ঘটনায় নিজের জীবিত মাকে মৃত সাজিয়ে তাঁর ব্যাঙ্কে জমানো মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ‘গুণধর’ ছেলেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত তপন কুমার দাস, যিনি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ভারত সরকারের একটি ট্যাকশালে কর্মরত।

লিলুয়ার চকপাড়ার বাসিন্দা ৭৮ বছর বয়সী বীণাপানি দাস সম্প্রতি লিলুয়া থানায় ছোট ছেলে তপন কুমার দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেন।

বৃদ্ধা বীণাপানি দাসের অভিযোগ, তাঁর স্বামীর মৃত্যুর পর থেকে ছোট ছেলে তপন দাস তাঁকে অকথ্য গালিগালাজ ও শারীরিক অত্যাচার করতেন। এই অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে, একসময় তাঁকে মেরে পা ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছিল। এরপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছয় যখন তপন দাস জীবন্ত মাকে মৃত সাজিয়ে জাল ডেথ সার্টিফিকেট তৈরি করেন। সেই ভুয়ো নথি ব্যাঙ্কে জমা করে তিনি মায়ের পেনশন অ্যাকাউন্টে জমানো সমস্ত টাকা তুলে নেন।

জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী ১৯৯৬ সালে কাস্টমসের চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশন অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা ছিল। ২০১৮ সালে স্বামীর মৃত্যুর পর সমস্ত টাকা বীণাপানি দাসের নামে স্থানান্তরিত হয়। যেহেতু বৃদ্ধার বড় ছেলে তাপস দাস কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন, তাই এই অ্যাকাউন্ট দেখভালের দায়িত্বে ছিল ছোট ছেলে তপন। এই সুযোগের অপব্যবহার করে তপন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বাবার মৃত্যুর সঙ্গে মায়ের মৃত্যুর জাল তথ্যও দেয় এবং পেনশন বন্ধ করিয়ে দেয়। এরপর সে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেয়।

মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে লিলুয়া থানার পুলিশ। অভিযুক্ত তপন কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। সন্তানের এমন কুকীর্তিতে হতবাক লিলুয়ার স্থানীয় বাসিন্দারাও।