কাশ্মীরে বাড়ছে ‘ভারত-বিরোধিতা’! যশোবন্ত সিনহার সংগঠনের রিপোর্টে উপত্যকার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ

জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী যশোবন্ত সিনহার (Yashwant Sinha) নেতৃত্বাধীন নাগরিক সংগঠন কনসার্নড সিটিজেন’স গ্রুপ (CCG)। সম্প্রতি উপত্যকা সফরের অভিজ্ঞতা তুলে ধরে সিসিজি জানিয়েছে, জম্মু-কাশ্মীরে ভারত-বিরোধিতার সুর দ্রুত মাথাচাড়া দিচ্ছে, বিশেষ করে তরুণ ও যুব সমাজের মধ্যে এই প্রবণতা বেশি।

বিচ্ছিন্নতা ও উগ্রপন্থার দিকে ঝুঁকছে তরুণরা:

সিসিজি-এর রিপোর্টে বলা হয়েছে, পহেলগাম হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঘটনার পর কাশ্মীরে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা (Alienation) এবং তরুণদের উগ্রপন্থী সংগঠনগুলির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আলোচনায় স্থানীয় বিশিষ্টজনেরা জানিয়েছেন, “ভারত-বিরোধী মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তানের প্রতি জনসাধারণের মনোভাব অনেকটাই বদলে গেছে।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, জঙ্গিবাদ ধীর গতিতে থাকলেও, তরুণদের মধ্যে এক ধরণের আগ্রহ তাদেরকে বৃহত্তর মৌলবাদের ক্ষেত্রগুলিতে প্রবেশ করতে অনুপ্রাণিত করছে বলে মনে হচ্ছে। সিসিজি-র ধারণা, সম্ভবত নিয়ন্ত্রণ রেখার ওপারের শক্তিগুলি এই ক্ষেত্রে প্রেরণার কাজ করছে।

পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা নিয়ে ক্ষোভ:

প্রতিনিধি দলটি ভারতপন্থী ও বিচ্ছিন্নতাবাদী বলে পরিচিত দল ও গোষ্ঠীর শীর্ষ রাজনীতিবিদদের পাশাপাশি নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের রিপোর্ট তৈরি করেছে। সিসিজি জানিয়েছে, আলোচনায় তারা উপলব্দি করেছেন যে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেবে বলে ঘোষণা করলেও সেখানকার মানুষ এটিকে একটি দূরবর্তী স্বপ্ন বলে মনে করছেন।

তাঁদের প্রশ্ন, রাজ্যে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও কেন পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে না? রাজনৈতিক দল ও সুশীল সমাজ এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

‘বিষণ্ণ নীরবতা’ ও চাপা ক্রোধের আশঙ্কা:

যশোবন্ত সিনহার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বক্তব্য, তাঁরা শ্রীনগরের মানুষের মধ্যে এক ধরণের ‘বিষণ্ণ নীরবতার’ অনুভূতি প্রত্যক্ষ করেছেন। তাঁদের কথায়, “সুশীল সমাজের সঙ্গে বৈঠকের সময় আমরা বুঝতে পেরেছিলাম যে বিচ্ছিন্নতা আরও গভীর হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং ক্ষোভ বৃদ্ধি পেয়েছে তবে এটি আংশিকভাবে জনসাধারণের নির্বাচিত ওমর আবদুল্লাহ সরকারের বিরুদ্ধেও আছে।”

সুশীল সমাজের একাংশ খোলাখুলি মতামত ব্যক্ত করতে দ্বিধা করেছেন। চিকিৎসকদের একটি দল সিসিজি-র প্রতিনিধিদের সরাসরি বলেছেন, “আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।” একজন বিশিষ্ট চিকিৎসক প্রতিনিধি দলটিকে সতর্ক করে বলেছেন, “ঘৃণার উপর ভিত্তি করে চাপা ক্রোধ এবং হতাশার একটি আগ্নেয়গিরি যে কোনও সময় অগ্ন্যুৎপাত করতে পারে এবং এর জন্য কেবল একটি ট্রিগার প্রয়োজন।” অর্থাৎ, নাগরিক সংগঠনের মতে উপত্যকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক।