মেসিকে দেখতে হানিমুন বাতিল, প্ল্যাকার্ড হাতে রাতভর অপেক্ষা করলেন নবদম্পতি

ঘুম, আরাম—সবকিছুকে একপাশে সরিয়ে রেখে গভীর রাতেই বিমানবন্দরের পথে পা বাড়িয়েছিলেন হাজারো অনুরাগী। লক্ষ্য একটাই: ফুটবল মহাতারকা লিওনেল মেসির এক ঝলক দেখা। শনিবার ভোর আড়াইটে নাগাদ তিনি কলকাতায় পা রাখতেই শহরজুড়ে শুরু হয়ে যায় অভূতপূর্ব মেসি-উন্মাদনা। তিন দিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’ সফরের প্রথম স্টেশন কলকাতা। এরপর তাঁর গন্তব্য হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি।
শুক্রবার রাত থেকেই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জমতে শুরু করেন সমর্থকরা। কারও হাতে আর্জেন্টিনার পতাকা, কারও গায়ে প্রিয় খেলোয়াড়ের জার্সি। অনেকে আবার মোবাইল ক্যামেরা হাতে দাঁড়িয়ে, মেসিকে একটি ফ্রেমে বন্দি করার আশায়। রাত গড়িয়ে ভোর হলো, তবুও এই উন্মাদনায় এতটুকুও ভাটা পড়েনি।
ভাইরাল ‘হানিমুন বাতিল’ প্ল্যাকার্ড
এই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়ে এক তরুণীর হাতে ধরা প্ল্যাকার্ড। তাতে স্পষ্ট লেখা, “গত শুক্রবারই বিয়ে করেছি। কিন্তু মেসিকে দেখার জন্য হানিমুন বাতিল!” মুহূর্তেই সংবাদসংস্থা এএনআই-এর মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়ে যায়। ওই সমর্থক জানান, তিনি ২০১০ সাল থেকে মেসির ভক্ত। হাসিমুখে তিনি বলেন, “২০১১ সালে মেসি কলকাতায় এসেছিলেন। তখন আমরা খুব ছোট ছিলাম, আসতে পারিনি। এবার আর ছাড়ার প্রশ্নই নেই।”
পাশেই দাঁড়িয়ে তাঁর স্বামী। স্ত্রীর কথায় সায় দিয়ে তিনিও জানান, হানিমুন পরে হবে, এখন শুধু মেসি। নবদম্পতির একটাই কথা, “এমন সুযোগ জীবনে বারবার আসে না।”
এই আবেগ শুধু এই নবদম্পতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। রাতভর অপেক্ষায় থাকা এক অনুরাগী বলেন, “দু’ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। দরকার হলে চার ঘণ্টাও থাকব। একবার চোখে দেখলেই হল।” আর এক তরুণের মন্তব্য, “মেসি শুধু খেলোয়াড় নন, তিনি ফুটবলের জাদুকর, আসল GOAT।”
দীর্ঘ ১৪ বছর পর এটি লিওনেল মেসির দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন। কড়া নিরাপত্তার কারণে বিমানবন্দরে অপেক্ষারত অধিকাংশ সমর্থকই মেসিকে চোখে দেখার সুযোগ পাননি। ব্যাক এন্ট্রি দিয়ে দ্রুত তাঁকে হোটেলে নিয়ে যাওয়া হয়। তবু হতাশা নেই কলকাতার। কারণ, শহরজুড়ে দিনভর একাধিক কর্মসূচি। যুবভারতী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে মেসির উপস্থিতির অপেক্ষায় এখন গোটা শহর।