বিষাক্ত মাছ ঘুরছে উত্তরবঙ্গের বাজারে! বেশি লাভের আশায় নদী বিষিয়ে সর্বনাশ, ধরা পড়লে কঠিন শাস্তির হুঁশিয়ারি প্রশাসনের

ডুয়ার্সের নদীগুলিতে সম্প্রতি ঝাঁকে ঝাঁকে মাছের মরক দেখা দেওয়ায় প্রশাসন এবং পরিবেশপ্রেমীরা রীতিমতো উদ্বিগ্ন। তিস্তা এবং রাঙাতি নদী-সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে ঘন ঘন ভেসে উঠছে অসংখ্য মৃত মাছ। মৎস্য দফতরের অভিযোগ, কিছু অসাধু চোরা মৎস্য শিকারি দ্রুত লাভের আশায় নদীর জল কমতেই বিষ প্রয়োগ করে মাছ ধরছে।
নষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য
এই অসাধু পদ্ধতির ফলে জলজ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে স্থানীয় নদীয়ালি মাছের প্রজাতি। বিষক্রিয়ার ফলে নদীর জলজ উদ্ভিদ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীকূলও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
শরীরের জন্য ভয়াবহ বিপদ
মৎস্য দফতর সতর্ক করে জানিয়েছে, এভাবে বিষাক্ত করা মাছ বাজারে বিক্রি হলে এবং মানুষ তা খেলে শরীরে গুরুতর ক্ষতি হতে পারে। এসব মাছের শরীরে বিষের পরিমাণ বিপজ্জনক মাত্রায় থাকে, যা থেকে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিও রয়েছে।
প্রশাসনের কঠোর পদক্ষেপ
অসাধু পদ্ধতি অবলম্বন করে নদী থেকে মাছ ধরার এই হিড়িক বন্ধ করতে প্রশাসন এবার শক্ত হয়েছে। মৎস্য দফতর ইতিমধ্যেই বিভিন্ন নদীতে নজরদারি বাড়িয়েছে। দফতর জানিয়েছে, যারা বিষ প্রয়োগ করে মাছ ধরবে, ধরা পড়লে সেই অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা এবং জরিমানা পর্যন্ত হতে পারে।
পরিবেশপ্রেমীরা সমাজের কাছে আবেদন করেছেন, প্রকৃতির ক্ষতি করে লাভের আশায় বিষ প্রয়োগের এই ধ্বংসাত্মক প্রবণতা অবিলম্বে বন্ধ করা হোক।