চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ভয়াবহ বিপদ! মালদহ ডিভিশনে RPF জওয়ানের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলা যাত্রীর

মালদহ রেল ডিভিশনের ভাগলপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে এক ভয়াবহ বিপদ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা যাত্রী। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) দ্রুত তৎপরতায় রক্ষা পান ওই যাত্রী। জানা গিয়েছে, মহিলা যাত্রীর নাম সোনি দেবী (৩৩), যিনি বিহারের কাহালগাঁও এলাকার বাসিন্দা।

মঙ্গলবার বিকেল ৪:৩৫ নাগাদ ভাগলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ১৩৪১০ কিওল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় সোনি দেবীর পা পিছলে যায় এবং তিনি প্রায় ট্রেন লাইনে পড়ে যাচ্ছিলেন। সেই সময় প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) সঞ্জীব কুমার ঝা-এর নজরে আসে পুরো ঘটনাটি। তৎক্ষণাৎ তিনি ওই মহিলা যাত্রীকে টেনে রক্ষা করেন।

মালদহ রেল ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্তা জানান, “কর্তব্যরত আরপিএফ জওয়ান সঞ্জীব কুমার ঝা-এর দ্রুত এবং সতর্ক পদক্ষেপের ফলেই ওই মহিলা যাত্রী রক্ষা পান।”

এই ঘটনার পর প্রাণে বাঁচা সোনি দেবী এবং তাঁর পরিবারের সদস্যরা আরপিএফ জওয়ানের সতর্কতা এবং সহযোগিতার জন্য মালদহ ডিভিশনের ভাগলপুর আরপিএফ পোস্টকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ডিআরএম আরও উল্লেখ করেন, “মালদহ ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, সুরক্ষা ও জনসেবার মান বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”