জয়ী বিজেপি, হারল আপ-এর আসন? দিল্লি পুরসভার উপ নির্বাচনের ফল কী বার্তা দিচ্ছে?

মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-এর ১২টি শূন্য আসনে অনুষ্ঠিত উপ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ফলাফলে বড় সাফল্য পেয়েছে বিজেপি (BJP)। ১২টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়ে গেরুয়া শিবির নিজেদের দাপট বজায় রেখেছে। অন্যদিকে, আম আদমি পার্টি (AAP) দখলে নিয়েছে ৩টি আসন। এই নির্বাচনে ১টি আসন পেয়ে খাতা খুলেছে কংগ্রেস (Congress), এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (AIFB)-ও পেয়েছে একটি আসন।

দিল্লির মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পর এই উপ নির্বাচন ছিল রেখা গুপ্তার জন্য একটি ‘লিটমাস টেস্ট’। তাঁর ‘বিকশিত দিল্লি’ এজেন্ডা সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলল, সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের।

আসন বিন্যাস ও ফলাফল:

দিল্লি পুরসভার ১১ জন কাউন্সিলর বিধায়ক নির্বাচিত হওয়ায় এবং একজন সাংসদ নির্বাচিত হওয়ায় মোট ১২টি কেন্দ্রে শূন্যস্থান তৈরি হয়েছিল, যেখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩০ নভেম্বর এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়। এর আগে, এই ১২টির মধ্যে ৯টি আসন বিজেপির দখলে ছিল এবং বাকি ৩টি ছিল আপ-এর।

বিজেপি জয়ী হয়েছে: শালিমার বাগ বি, দ্বারকা, বিনোদ নগর, গ্রেটার কৈলাশ এবং চাঁদনি চকে।

আপ জয়ী হয়েছে: দক্ষিণ পুরী, মুন্দকা এবং নারাইনা এই তিনটি আসনে।

কংগ্রেস জিতেছে: সঙ্গম বিহার ওয়ার্ড।

AIFB জিতেছে: চাঁদনী মহল।

এই ফলাফলের মাধ্যমে বিজেপি তাদের দখলে থাকা ৯টি আসনের মধ্যে ৭টি ধরে রাখতে পারলেও, আপ তাদের ৩টি আসন ধরে রাখতে পেরেছে। অন্যদিকে, জাতীয় রাজনীতিতে কোণঠাসা কংগ্রেসের ১টি আসনে জয় নিঃসন্দেহে তাদের কর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরিয়েছে। ভোট গণনা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল, যেখানে ১৮০০ দিল্লি পুলিশ এবং ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন ছিল।