‘৯০তম জন্মদিন পালন হবে ভেবেছিলেন সবাই’, ধর্মেন্দ্রর শেষ ক’দিনের অবস্থা নিয়ে মুখ খুললেন পরিচালক অনিল শর্মা

সাতদিন আগেও ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন সেলিব্রেশনের স্বপ্ন দেখছিলেন সকলে। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিল গোটা দেওল পরিবার। পরিবারের সদস্যরা এবং অনুরাগীরা বুক বেঁধেছিলেন এই আশায় যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে সেই মিরাকেল আর ঘটল না।
হাসপাতাল থেকে ছড়িয়ে পড়া একটি অস্পষ্ট ভিডিওতেই তাঁকে শেষবার দেখা গিয়েছিল। সেখানে দেখা যায়, গোটা দেওল পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং সামনে বেডে শুয়ে আছেন অবচেতন ধর্মেন্দ্র। তাঁর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের বুক ফাটা কান্না দেখে অনেকেই মর্মাহত হয়েছিলেন। যদিও সেই ভিডিওর সত্যতা কেউ নিশ্চিত করেননি, কিন্তু সেই এক ঝলকই যে শেষ দেখা ছিল, তা কেউ বুঝতে পারেনি।
শেষ সময়ে ধর্মেন্দ্রর অবস্থা
ফলে, শেষ সময় ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল, তা এক রহস্যই থেকে গিয়েছিল। অবশেষে দেওল পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক অনিল শর্মা খানিকটা হলেও এই বিষয়ে আলোকপাত করলেন। তিনি ধর্মেন্দ্রর শেষ ক’দিনের অবস্থা জানালেন।
অনিল শর্মা বলেন:
“আমি ওঁর বাড়ি গিয়েছিলাম। উনি সুস্থ হয়ে উঠছিলেন। চোখ খুলেছিলেন, হাতও নড়ছিল। চিকিৎসকেরা বলেছিলেন ধর্মেন্দ্র ভীষণ শক্ত মানুষ।”
তিনি আরও জানান, চিকিৎসকেরা আশ্বস্ত করেছিলেন যে ধর্মেন্দ্র সুস্থ হয়ে উঠবেন। হাসপাতালেও তাঁকে দেখে তেমনই মনে হয়েছিল। তবে, তিনি স্বীকার করেন, বয়সের ভারে সমস্যা বাড়ছিল, যেটার সঙ্গে আর লড়াই করা যায়নি। পরিচালক বলেন, “প্রত্যেকে আশাবাদী ছিলেন। সকলে ভেবেছিলেন ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন ধূমধাম করে পালন করা হবে।”
তাঁর এই বক্তব্যে স্পষ্ট, শেষ মুহূর্ত পর্যন্ত পরিবার এবং ঘনিষ্ঠরা ধর্মেন্দ্রর সুস্থ হয়ে ওঠার আশায় বুক বেঁধেছিলেন।