খড়্গপুর বিধানসভায় বহু ভোটারের খোঁজ নেই, ভোটার তালিকা সংশোধনের মুখে ১৭৩ নম্বর বুথ-সহ একাধিক এলাকায় নোটিস সাঁটাল BLO-রা

এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হওয়ার সময়সীমা ঘনিয়ে এলেও, পশ্চিম মেদিনীপুর জেলার ২২৪ খড়্গপুর বিধানসভা এলাকায় বহু ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়্গপুর শহরেই কয়েকশো এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি। এর মধ্যে তাল বাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটারের হদিশ মেলেনি।

নোটিস সাঁটিয়ে ভোটারদের খোঁজ

এই পরিস্থিতিতে বুথ লেভেল অফিসাররা (BLO) তালিকা তৈরি করে এলাকায় পোস্টার সাঁটিয়ে দিয়েছেন। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট এলাকার ঠিকানায় এই ভোটাররা আদেও বর্তমানে বসবাস করছেন কিনা।

স্থানীয় বিএলও-রা এ বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, বিএলএ (Booth Level Agent) সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

১৭৩ নম্বর বুথের তৃণমূলের বিএলএ ২ ছবি দাস জানান,

“তাঁর বুথেও বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিএলও ইতিমধ্যেই বুথের বাইরে নোটিস সাঁটিয়েছেন।”

রাজনৈতিক মহলের বক্তব্য

বহু ভোটারের খোঁজ না মেলায় ভুয়ো ভোটারের জল্পনা শুরু হলেও, জেলা যুব তৃণমূলের নেতৃত্ব অসিত পাল এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন।

তৃণমূল নেতা অসিত পালের বক্তব্য:

“আমরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে জানতে পারি, কিছু মানুষের নাম তাঁরা শোনেননি ঠিকই, তবে অনেককেই জানেন যাঁরা কর্মসূত্রে বাইরে চলে গিয়েছেন বা অন্যত্র বাড়ি করে চলে গিয়েছেন, কিন্তু ভোটার লিস্টের নাম ওই এলাকায় রয়ে গেছে। ভুয়ো ভোটারের কোনও প্রশ্নই নেই।”

অন্যদিকে, বিজেপির বিএলএ ২ সদানন্দ ঘোষের বক্তব্য কিছুটা ভিন্ন। তাঁর মতে:

“স্থানান্তরিত বা মৃত ভোটার বাদ দিলেও এলাকায় এলাকায় কিছু কিছু ভুয়ো ভোটার আজও আছে। যার উদাহরণস্বরূপ কিছু খড়্গপুর শহরে উঠে এসেছে।”

সব মিলিয়ে, এনুমারেশন ফর্ম বিলিতে বিলম্ব এবং বহু ভোটারের হদিশ না পাওয়ায় খড়্গপুর বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।