পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, কবে থেকে শুরু হবে নিয়োগ?

রাজ্য পুলিশে দীর্ঘদিনের খামতি মেটাতে এবং বাহিনীকে অত্যাধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে রাজ্য পুলিশের একটি গুরুত্বপূর্ণ মউ (MOU) স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়, যা রাজ্য পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধিতে মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন নিয়োগ ও দীর্ঘ প্রতীক্ষার অবসান গত মঙ্গলবার কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী পুলিশে নতুন নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মেনেই বুধবার তিনি জানান, খুব দ্রুত পুলিশ বাহিনীতে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বিশেষ করে প্রশিক্ষণ নিয়ে বসে থাকা ১৬,০০০ কনস্টেবলকে দ্রুত কাজে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, পুজোর আগেই কলকাতা পুলিশে ৪,০০০ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের।
পুলিশের আধুনিকীকরণে নতুন দিশা এতদিন প্রশিক্ষণের অভাব ও আধুনিক অস্ত্রের ঘাটতি পুলিশি কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসতেই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সাথে গাঁটছড়া বাঁধল রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, আইপিএস, ডব্লিউবিএস থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর—প্রত্যেকেই উন্নত প্রশিক্ষণ পাবেন। সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, এআই (AI), ফরেন্সিক সায়েন্স, বর্ডার ইন্টেলিজেন্স এবং নারী পাচার রোধের মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে দক্ষ করে গড়ে তোলাই এই মউয়ের মূল লক্ষ্য।
নিয়োগে স্বচ্ছতা ও কাজের পরিবেশ চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। এছাড়া পুলিশ কর্মীদের মানসিক প্রশান্তির দিকে নজর দিয়ে, দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত কনস্টেবলদের নিজেদের জেলায় পোস্টিং দেওয়ার বিষয়টিও রাজ্য পুলিশের ডিজিকে খতিয়ে দেখতে বলা হয়েছে। মহিলা পুলিশ কর্মীদের ক্ষেত্রেও বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
কলকাতা পুলিশে আবেদনের মাপকাঠি:
-
বয়স: ১৮ থেকে ৩০ বছর (সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী ছাড়)।
-
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক উত্তীর্ণ।
-
অন্যান্য: বাংলা ভাষায় দক্ষতা (দার্জিলিং/কালিম্পং বাদে)। সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, “এতদিন পুলিশ শাসকের দলদাসের মতো কাজ করেছে, কিন্তু এখন থেকে বাংলায় আইনের শাসন চলবে।” পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে কাজ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, অসমে আগেই এই মউ কার্যকর হয়েছে, এবার সেই পথেই পশ্চিমবঙ্গ পুলিশকে আধুনিক ও সক্ষম করে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার।