‘মুখ্যমন্ত্রী হামলায় উস্কানি দিচ্ছেন’, মমতার ‘হিলিয়ে দেব’ মন্তব্যকে হাতিয়ার করে আসরে বিজেপি, তোপ দাগলেন সম্বিত পাত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হিলিয়ে দেব’ মন্তব্যকে হাতিয়ার করে এবার আসরে নামল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপর হামলায় উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী—এমনই গুরুতর অভিযোগ করলেন বিজেপি মুখপাত্র সংবিত পাত্র।

তিনি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, “সাধারণ মানুষ কী কথা বলছেন সেটা অন্য বিষয়। কিন্তু যখন এক মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে ছেড়ে কথা বলা হবে না, আগুন লেগে যাবে, দেশ ভেঙে যাবে, দেশের ঘুম উড়িয়ে দেব—সেটা সম্পূর্ণ অন্য ব্য়াপার।”

সংবিত পাত্রের অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আসলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন দেওয়া হচ্ছে। তিনি বলেন,

“এসব বলে আমাদের কার্যকর্তাদের (কর্মীদের) বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে কেন্দ্রের শাসক দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তিনি দিল্লিকে ‘হিলিয়ে দেব’। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে কেন্দ্র করে এবার সরাসরি তাঁর বিরুদ্ধেই উস্কানির অভিযোগ তুলল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।