‘পারফরম্যান্সই শেষ কথা!’ অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারি, ৬ মাসের নির্বাচন ধরে কাজ না করলে টিকিট বাতিল!

দলের দেওয়া কাজে কোনওরকম শিথিলতা আর বরদাস্ত করা হবে না—ভার্চুয়াল বৈঠকে এমনই স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিধায়ক ও সাংসদদের জন্য সময় বেঁধে দিয়ে ৯ দিন ধরে জেলায় পড়ে থেকে কাজ করার জন্য আলাদা দায়িত্বও বণ্টন করে দিলেন।

ভার্চুয়াল বৈঠকে এনুমারেশন (গণনা) ফর্ম পূরণে শিথিলতা এবং অ্যাপে তথ্য তোলার কাজে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। বহু জায়গায় বিএলএ-২ (বুথ লেভেল এজেন্ট) দের কাজ নিয়ে তিনি সতর্ক করেন। তাঁর কড়া বার্তা: “যাঁরা মনে করছেন, তাঁদের ভোট হয়ে গিয়েছে তাই অতটা গা না-লাগলেও চলে, তাঁরা ভুল করছেন। পারফরম্যান্সের ভিত্তিতেই দল আপনাদের ভোটের টিকিট দেবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচন এখন আর ঘোষণার পর তিন মাসের নয়, এটি এখন ছয় মাসের প্রক্রিয়া।

সাংসদ-বিধায়কদের জন্য ৯ দিনের বিশেষ ডিউটি:

অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনিয়র নেতাদের নিয়ে একটি বিশেষ দল গঠন করেছেন। ২৬ নভেম্বর থেকে শুরু করে ৪ ডিসেম্বর পর্যন্ত আগামী ৯ দিন ‘ব্যাগ-বস্তা’ নিয়ে জেলার ওয়ার রুম ভিজিট করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। তিনি প্রতিদিন জেলার রিপোর্ট নিয়ে তাঁদের সঙ্গে বৈঠক করবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন:

নেতা দায়িত্বপ্রাপ্ত জেলা
ফিরহাদ হাকিম কলকাতা
অরূপ বিশ্বাস হুগলি ও দুই বর্ধমান
মানস ভুঁইয়া বাঁকুড়া, পুরুলিয়া
মলয় ঘটক পশ্চিম মেদিনীপুর
সামিরুল ইসলাম মালদা ও উত্তর দিনাজপুর
সুজিত বোস বনগাঁ, বসিরহাট, রাণাঘাট
উদয়ন গুহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
চন্দ্রিমা ভট্টাচার্য ঝাড়গ্রাম
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ

পিছিয়ে থাকা বিধানসভা ও কমিশনে কৈফিয়ত:

অভিষেক জানান, সাংগঠনিক ভাবে এসআইআর (Special Intensive Revision) এর কাজে ধনেখালি, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, চাকুলিয়া, গোয়ালপোখর, রায়গঞ্জ, বালি এবং রঘুনাথগঞ্জ বেশ ভালো কাজ করেছে। তবে বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বেলেঘাটা, এন্টালি, মধ্যমগ্রাম, কলকাতা পোর্ট, কাশীপুর বেলগাছিয়া এবং চৌরঙ্গী বিধানসভা এখনও পর্যন্ত সবচেয়ে পিছিয়ে।

এছাড়াও, তিনি জানান যে ১০ জন সাংসদের একটি দল মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবে। এসআইআর পর্বে মৃত ৩৫ জনের কাগজপত্র জমা দিয়ে নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চাইবেন তাঁরা। এই সাংগঠনিক কাজের গতি বাড়াতে মঙ্গলবার উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে মোহিত মঞ্চে।