মণ্ডপ থেকে সটান হাসপাতাল! স্মৃতির বাবার হার্ট অ্যাটাক, কেন বিয়ের সব ছবি মুছলেন স্মৃতি? জল্পনা তুঙ্গে

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিয়ে পিছিয়ে গেল। ২৩ নভেম্বর দু’জনের চার হাত এক হওয়ার কথা থাকলেও, বিয়ের দিনই হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুই পরিবারের যৌথ সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, রবিবার বিয়ের দিন সকালে বুকে ব্যথা অনুভব করেন স্মৃতির বাবা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্তের পরেই শুরু হয়েছে নানা জল্পনা। বাবার অসুস্থতা সত্ত্বেও স্মৃতি মান্ধানা সোশ্যাল মিডিয়া থেকে বাগদান ও বিয়ের অনুষ্ঠানের সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। যদিও পলাশের সঙ্গে তাঁর পুরনো ছবি এখনও রয়েছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, “শুধুমাত্র বাবার অসুস্থতা নয়, বিয়ের স্থগিত হওয়ার নেপথ্যে পলাশের কিছু ব্যক্তিগত আচরণও কারণ হতে পারে।”

এরই মধ্যে জল্পনা নিরসনে মুখ খুললেন পলাশ মুচ্ছলের দিদি, জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিশ্চিত করেন যে, স্মৃতির বাবার গুরুতর অসুস্থতার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তিনি এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান। নেটদুনিয়ার গুঞ্জন নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি।

বিশ্বকাপ চলাকালীনই এই তারকা জুটির বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। হলুদ ও মেহেন্দির ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। বর-কনেপক্ষের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচটিও নজর কেড়েছিল। কিন্তু আচমকা এই ঘটনা এবং স্মৃতির ভিডিও ডিলিট করার পদক্ষেপ নেটিজেনদের মনে আরও রহস্য সৃষ্টি করেছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণা করা হবে না বলে পরিবার সূত্রে খবর। পলকের বিবৃতির পরেও কি গুজব থামবে, নাকি আরও বড় কোনো রহস্য লুকিয়ে? অপেক্ষা করছে নেটদুনিয়া।