সান্দাকফুতে ফের মৃত্যু! যাদবপুরের প্রবীণ পর্যটক শেষ নিশ্বাস ত্যাগ করলেন, কেন বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা?

সান্দাকফুতে বেড়াতে গিয়ে ফের এক পর্যটকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মৃত পর্যটকের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (৭২), তিনি যাদবপুরের বাসিন্দা। সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই নিয়ে বারবার পর্যটকদের মৃত্যুর ঘটনায় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে, সান্দাকফুর মতো উচ্চতায় ওঠার ক্ষেত্রে পর্যটকদের শারীরিক পরীক্ষা বা বয়স বিবেচনা কেন করা হচ্ছে না।
জিটিএ-এর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানিয়েছেন, অনিন্দিতা গঙ্গোপাধ্যায়ের দেহ কলকাতায় পাঠানোর সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার দার্জিলিং সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ আনা হয়েছে। মানেভঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সদস্যরা উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ ও জিটিএ সূত্রে জানা গিয়েছে, চারদিন আগে যাদবপুরের বাসিন্দা অনিন্দিতা গঙ্গোপাধ্যায় এবং তাঁর বোন অজন্তা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং বেড়াতে যান। দু’জনেই প্রবীণ নাগরিক। তাঁরা প্রথমে লেপচাজগতে দুই রাত কাটান, এরপর টুমলিংয়ে এক রাত থেকে সোমবার মানেভঞ্জন হয়ে সান্দাকফু পৌঁছান। সেখানে পৌঁছনোর কিছুক্ষণ পরই অনিন্দিতা গঙ্গোপাধ্যায় গুরুতর অসুস্থতা বোধ করেন এবং তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়।
তাৎক্ষণিক খবর পেয়ে মানেভঞ্জন ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না-হওয়ায় তাঁকে সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অনিন্দিতাকে মৃত ঘোষণা করেন।
বারবার মৃত্যু, নেই স্বাস্থ্যবিধি:
এই প্রথম নয়, এর আগেও সান্দাকফুতে একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল পূর্ব বর্ধমানের রাজ নারায়ণ দে (৫৫), গত বছর কলকাতার আশিস ভট্টাচার্য (৫৮) এবং অঙ্কিতা ঘোষ (২৮)-এর মতো একাধিক পর্যটকের মৃত্যুর পর জিটিএ-এর স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এত কিছুর পরও সান্দাকফুতে এখনও কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়নি। পাশাপাশি, সান্দাকফুর মতো ঝুঁকিপূর্ণ উচ্চতায় কোন বয়সের পর্যটকদের জন্য এই যাত্রা নিরাপদ, সেই বিষয়ে প্রশাসনের তরফে কোনও স্পষ্ট নির্দেশিকা বা নজরদারি নেই। যথাযথ নজরদারির অভাবেই মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ।