এক কিলোমিটার রোড শো! রাম মন্দিরের নির্মাণ সমাপ্তি ঘোষণা, ৭টি সাংস্কৃতিক প্ল্যাটফর্মে ভক্তদের ভিড়, কেমন সাজল অযোধ্যা?

মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অযোধ্যা। ভগবান রামের বিবাহোৎসব ‘রাম বিবাহ’-এর এই শুভ দিনে রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্দিরের শিখরে গেরুয়া পতাকা উত্তোলন করবেন। এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে উৎসবের আমেজ ও অভূতপূর্ব নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা:

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা কার্যত নজিরবিহীন। সরকারি বিবৃতি অনুযায়ী, শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ৬,৯৭০ নিরাপত্তাকর্মী। এই বহরে এটিএস কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার বিশেষজ্ঞ এবং প্রযুক্তিগত টিম অন্তর্ভুক্ত রয়েছে। রাম মন্দির, প্রতিটি প্রবেশদ্বার, প্রধান সড়ক এবং অনুষ্ঠানস্থল জুড়ে রয়েছে বহিস্স্তরীয় সুরক্ষা বলয়। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে মন্দির প্রশাসন।

শুরু হলো প্রধানমন্ত্রীর রোড শো:

অযোধ্যায় পৌঁছেই প্রধানমন্ত্রী মোদীর রোডশো শুরু হয়েছে। এক কিলোমিটার দীর্ঘ এই রুটে ভক্তদের ভিড়, ঢাক-ঢোলের বাজনা এবং শঙ্খধ্বনিতে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মোট ১২টি ‘ওয়েলকাম পয়েন্ট’ তৈরি করা হয়েছে এবং ৭টি সাংস্কৃতিক প্ল্যাটফর্মে লোকশিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন।

রাম মন্দিরের শিখরে পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সরকারি কাজ নয়, বরং রাম জন্মভূমি আন্দোলনের বহু দশকের অপেক্ষার প্রতীকী পরিসমাপ্তি ঘোষণা করবে। উৎসবের আবহে সতর্কতা বজায় রেখে ভক্তদের চোখ আজ রামলালা’র দিকে নিবদ্ধ।